দেবীগঞ্জে আমন ধান রোপণ শুরু

আপডেট : ১৫ জুলাই ২০২০, ২১:৪৫

দেবীগঞ্জ (পঞ্চগড়) সংবাদদাতা

দেবীগঞ্জ উপজেলায় পুরোদমে শুরু হয়েছে আমন ধানের চারা রোপণের কাজ। আমনের চারা রোপণের জন্য দরকার প্রচুর বৃষ্টিপাতের। গত দু্্্ই সপ্তাহ জুড়ে প্রবল বর্ষণের ফলে উঁচু-নিচু সব জমিতে পর্যাপ্ত পানি রয়েছে। এ সময়ের প্রচুর বৃষ্টিপাত দেবীগঞ্জের কৃষকদের জন্য আশীর্বাদ। প্রথম ধাপে কৃষকেরা অপেক্ষাকৃত উঁচু জমিতে চারা রোপণের কাজ প্রায় শেষ করেছে। গত দু্্্্ই দিন দেবীগঞ্জের এ অঞ্চলে বৃষ্টি হয়নি। ফলে নিচু জমিতে কৃষকেরা রোপা লাগাচ্ছে। এদিকে রোপা লাগানোর কাজে সংকট দেখা দিয়েছে শ্রমিকের। পুরুষ শ্রমিকের পাশাপাশি নারী শ্রমিকরাও জমিতে লেগে পড়েছে রোপা লাগানোর কাজে। শ্রমিকের চাহিদা থাকায় পুরুষ ও নারী শ্রমিকের মজুরি প্রায় সমান। পুরুষ শ্রমিকরা পাচ্ছে ৪০০ টাকা ও নারী শ্রমিকরা ৩৫০ টাকা। কৃষি বিভাগের তথ্যমতে, দেবীগঞ্জে এবার ২২ হাজার হেক্টর জমিতে আমন চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। উপজেলা কৃষি কর্মকর্তা শামীম ইকবাল জানান, আমনের জন্য এবারের আবহাওয়া বেশ ভালো। অন্য কোনো প্রাকৃতিক দুর্যোগ না হলে আমনের বাম্পার ফলনের আশা করছেন কৃষি কর্মকর্তা।