সেনবাগে নির্বাহী অফিসারসহ
ছয় জন করোনায় আক্রান্ত
সেনবাগ (নোয়াখালী) সংবাদদাতা সেনবাগ উপজেলা নির্বাহী অফিসার মো. সাইফুল ইসলাম মজুমদারসহ ছয় জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে উপজেলায় মোট করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১২২ জনে। এর মধ্যে সুস্থ হয়েছে ১০২ জন। মারা গেছেন সাত জন। এসব তথ্য নিশ্চিত করছেন সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের রোগ নিয়ন্ত্রণ কর্মকর্তা (এমওডিসি) ডাক্তার নির্ময় পাল। ইউএনও ছাড়াও আক্রান্ত অন্যরা হলেন, পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আবদুল্লাহ আল মামুন ও তার স্ত্রী প্রীতি, শহরের তাজনেহার হোটেলের মালিক আবদুল ওহাব ও মো. হারুন, সেনবাগ পল্লী বিদ্যুতের মিটার রিডার মো. জাকির হোসেন।
বৃক্ষরোপণ ও চারা বিতরণ
বদলগাছী (নওগাঁ) সংবাদদাতা নওগাঁ জেলা ছাত্রলীগের উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার বদলগাছী প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয় প্রাঙ্গণে চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য ছলিম উদ্দীন তরফদার সেলিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বদলগাছী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহা. আবু তাহির।
পুনর্বাসনের লক্ষ্যে ভিক্ষুকদের রিকশা প্রদান
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) সংবাদদাতা ভিক্ষুকদের পুনর্বাসনের লক্ষ্যে দুটি দোকান ও পাঁচটি রিকশা প্রদান করা হয়েছে। গতকাল বুধবার ঈশ্বরগঞ্জ ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এলজিএসপির অর্থায়নে ভিক্ষুক পুনর্বাসন প্রকল্পের আওতায় এই কর্মসূচির উদ্বোধন করেন ময়মনসিংহ স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক গালিব খান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. জাকির হোসেন।
নন-এমপিও শিক্ষক-কর্মচারীরা পেলেন অনুদান
কামারখন্দ (সিরাজগঞ্জ) সংবাদদাতা প্রধানমন্ত্রী কর্তৃক নন-এমপিও শিক্ষক-কর্মচারীদের অনুদান এবং শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অনুকূলে বরাদ্দকৃত টাকার চেক বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকালে উপজেলা পরিষদের মিনি অডিটোরিয়ামে বরাদ্দকৃত টাকার এসব চেক প্রদান করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্না চেক বিতরণ করেন।
ঈদুল আজহার প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
মনপুরা (ভোলা) সংবাদদাতা উপজেলা প্রশাসনের উদ্যোগে পবিত্র ঈদুল আজহার প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার বিপুল চন্দ্র দাস। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেলিনা আকতার চৌধুরী।
১৩ হতদরিদ্র পরিবার পেল ভ্যান
গোপালগঞ্জ প্রতিনিধি বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে ও বঙ্গীয় গণউন্নয়ন সমিতির (বিজিএস) উদ্যোগে হতদরিদ্র ১৩টি পরিবারের মধ্যে ভ্যান বিতরণ করা হয়েছে। বুধবার সকালে বিজিএসের নির্বাহী পরিচালক মো. মোজাহারুল হক বাবলু হতদরিদ্র পরিবারের প্রধানদের হাতে এ সব ভ্যান তুলে দেন। এ সময় বিজিএসের শাখা ব্যবস্থাপক শেখ মহব্বত-ই-আনোয়ার, নূর মোহাম্মদ সিকদারসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
শিক্ষার্থীদের মধ্যে অনুদান বিতরণ
নিকলী (কিশোরগঞ্জ) সংবাদাতা বুধবার নিকলী জিসি পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ও উপজেলা পরিষদের উদ্যোগে ৩০৯ শিক্ষার্থীদের মধ্যে অনুদান হিসেবে প্রত্যেককে ১ হাজার টাকা বিতরণ করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সামছুদ্দিন মুন্নার সভাপতিত্বে এসব টাকা বিতরণ করা হয়।
