ঢাকার সামনে তারুণ্যদীপ্ত রাজশাহী

আপডেট : ০৫ জানুয়ারি ২০১৯, ১২:০০

দুই বছর আগে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চতুর্থ আসরের ফাইনালে রাজশাহী কিংসকে হারিয়েই চ্যাম্পিয়ন হয়েছিল ঢাকা ডায়নামাইটস। ২০১৬ সালের সেই দল থেকে ঢাকার বর্তমান দলে আছেন সাকিব আল হাসান ও আন্দ্রে রাসেল। রাজশাহী শিবিরে অটুট আছেন মুমিনুল হক ও মেহেদী হাসান মিরাজ। বিপিএলের ষষ্ঠ আসরে সাকিবের হাতেই আছে ঢাকার নেতৃত্ব। তারুণ্যের স্লোগানে উদ্দীপ্ত রাজশাহী অধিনায়কের ভার তুলে দিয়েছে মিরাজের কাঁধে।

পদ্মা পাড়ের তারুণ্যদীপ্ত দলটি আজ বিপিএল মিশন শুরু করবে টুর্নামেন্টের অন্যতম শক্তিধর ও দেশের রাজধানীর পতাকাবাহক ঢাকার বিপক্ষে। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ঢাকা-রাজশাহীর ম্যাচটি শুরু হবে বিকাল ৫টা ২০ মিনিটে।

রাজশাহীর দলটি এবার দেশীয় অস্ত্রে সজ্জিত। মিরাজের নেতৃত্বে দলে আছেন মুমিনুল, সৌম্য সরকার, জাকির হাসান, মুস্তাফিজুর রহমান, কামরুল ইসলাম রাব্বি, ফজলে মাহমুদ, আরাফাত সানিরা। বিদেশি কোটায় মোহাম্মদ হাফিজ, ডেসকাট, ইসুরু উদানা, আফগান লেগি কায়েস আহমেদ খেলবেন।

দেশি-বিদেশি ক্রিকেটার মিলে ঢাকা বেশ ভারসাম্যপূর্ণ দল। সাকিব, নূরুল হাসান সোহান, রুবেল হোসেন, রনি তালুকদার, কাজী অনিক, শুভাগত হোম, শাহাদাত হোসেনরা আছেন দেশীয় ক্রিকেটার। দলটির বিদেশি কোটা ক্যারিবিয়ান মারকাটারি ক্রিকেটের ঝংকারে পূর্ণ। আন্দ্রে রাসেল, সুনীল নারিন, কাইরন পোলার্ড, ইয়েন বেল, রোভম্যান পাওয়েলরা খেলবেন ঢাকার হয়ে।

প্রথম ম্যাচে দলীয় সমন্বয় খুঁজে পাওয়া সহজ হবে না কোনো দলের জন্যই। তবে মুমিনুল-সৌম্য-মুস্তাফিজরা নিজেদের ছন্দে থাকলে ঢাকার জন্য জয়ে বিপিএল শুরুর কাজটা কঠিন হয়ে যাবে।

গতকাল দুপুরের পর একই সময়ে বিসিবি একাডেমি মাঠে অনুশীলন করেছে ঢাকা ও রাজশাহী। ক্যারিবিয়ান অলরাউন্ডার আন্দ্রে রাসেল বলেছেন, দল হিসেবে অভিজ্ঞতার সঠিক ব্যবহার নিশ্চিত করতে চাইবে ঢাকায়। গতকাল তিনি বলেছেন, ‘আমরা ভাল দল। স্থানীয় ও আন্তর্জাতিক মিলিয়ে আমাদের ভাল অভিজ্ঞ খেলোয়াড় আছে। সুতরাং দিনশেষে আমাদের শুধু নিশ্চিত করতে হবে যে আমরা অভিজ্ঞতাটার সদ্ব্যবহার করতে পারছি কিনা এবং অভিজ্ঞতাগুলোর সঠিক প্রয়োগ মাঠে করে বের হয়ে আসতে পারছি কিনা।’

আরো পড়ুন: অ্যাসিডিটি থেকে আরাম দেবে লবঙ্গ

আজ জয় দিয়ে টুর্নামেন্ট শুরুর আশা করছেন রাসেল। গতকাল তিনি বলেছেন, ‘আমাদের প্রত্যাশা এখনো জেতার। এবার নতুন ছেলেদের সমন্বয় এবং আমরা এর মধ্যে অধিকাংশ ছেলের সঙ্গেই আগে খেলেছি। নতুন টুর্নামেন্ট এবং নতুন বছর, তাই আমাদের একেবারে প্রথমে ঠিকঠাক মতোই শুরু করতে হবে এবং সেখান থেকে এগিয়ে যেতে হবে।’

এবারই প্রথমবার রাজশাহীর কোচ হিসেবে কাজ করছেন দক্ষিণ আফ্রিকার সাবেক অলরাউন্ডার ল্যান্স ক্লুজনার। প্রথম ম্যাচেই প্রতিপক্ষ শক্তিশালী ঢাকা। বিপিএলে নিজের অভিষেকে প্রতিপক্ষ নয় নিজের দল নিয়েই ভাবতে চান ক্লুজনার।

গতকাল বলেছেন, ‘আমি অন্য দলগুলোর দিকে কোনোভাবেই খুব বেশি মনোযোগ দিতে সচেষ্ট নই। আমার মনে হয় আমরা কি করতে পারি সেটা ভেবে নিজেদের ওপর মনোনিবেশ করা উচিত। অবশ্যই কিছু ভাল দল আছে এখানে এবং কোনো খেলাই সহজ হবে না; কিন্তু আমাদের অবশ্যই নিজেদের দিকেই মনোযোগ দিতে হবে এবং যা কিছু করতে পারি তা দিয়ে ম্যাচ জেতার চেষ্টা করতে হবে।’

রাজশাহীর বোলিং আক্রমণ নিয়ে সন্তুষ্ট কোচ ক্লুজনার। বিশেষ করে বোলিং লাইনের বৈচিত্র্যই আশাবাদী করছে তাকে। ব্যাটিংয়েও বড় স্কোর চান তিনি। গতকাল বলেছেন, ‘আমাদের খুব ভাল আক্রমণ আছে। শুধু সঠিক সামঞ্জস্য খুঁজে পাওয়াটাই আসল। আমাদের প্রচুর পরিমাণে বৈচিত্র্য আছে এবং এটাই আমাদের জন্য বাড়তি সুবিধাজনক কিছু। একইসাথে বলব যে আমাদের কিছু চমত্কার ব্যাটসম্যান আছে এবং আমরা প্রতিপক্ষকে হারিয়ে দেওয়ার জন্য যথার্থ স্কোর গড়ার দিকে লক্ষ্য রাখব।’

ইত্তেফাক/কেআই