‘অবশিষ্ট সব পাওনা সেপ্টেম্বরের মধ্যে পরিশোধ’
পলাশ (নরসিংদী) সংবাদদাতা
পলাশের ঘোড়াশালে বন্ধ হয়ে যাওয়া বাংলাদেশ জুট মিলের শ্রমিকেরা জুন মাসের চার সপ্তাহের মজুরি ও দুই মাসের শিক্ষা ভাতা পেয়েছেন। মঙ্গলবার সন্ধ্যার পর শ্রমিকদের নিজ নিজ মোবাইল ফোনে মজুরি ও শিক্ষা ভাতার টাকা চলে এসেছে।
বস্ত্র ও পাটমন্ত্রী কয়েক দিন আগে সংবাদ সম্মেলন করে জানিয়েছিলেন, ‘মজুরি কমিশন ২০১৫’ অনুযায়ী পাটকল শ্রমিকদের জুন মাসের মজুরি পরিশোধ করা হবে। সেই প্রতিশ্রুতি অনুযায়ী শ্রমিকেরা মঙ্গলবার জুন মাসের বকেয়া মজুরি পেলেন।
বাংলাদেশ পাটকল করপোরেশন (বিজেএমসি)-এর নিয়ন্ত্রণাধীন ঐ মিলের শ্রমিক কবির হোসেন বলেন, ‘মন্ত্রীর কথা অনুযায়ী আমরা বকেয়া মজুরির টাকা পেলাম। তবে আমাদের সব পাওনা যেন একসঙ্গে পরিশোধ করা হয়, যাতে আমরা একটা কিছু করে চলতে পারি।’ সিবিএর সাধারণ সম্পাদক আখতারুজ্জামান বলেন, ‘৯ সপ্তাহের বকেয়া মজুরির মধ্যে চার সপ্তাহের মজুরি পেয়েছেন শ্রমিকেরা। আমরা বিজেএমসির কাছে আবেদন করছি, যাতে দ্রুত শ্রমিক-কর্মচারীদের সব পাওনা দিয়ে দেওয়া হয়। আসছে ঈদুল আজহা উপলক্ষ্যে যাতে শ্রমিক-কর্মচারীদের ঈদ বোনাস দেওয়া হয় সেই আবেদন জানাচ্ছি।’
মিলের প্রকল্প কর্মকর্তা ইঞ্জিনিয়ার মতিউর রহমান মণ্ডল জানান, সরকারি সিদ্ধান্ত অনুযায়ী পিএফ, গ্র্যাচুইটি, গোল্ডেন হ্যান্ডশেকের সুবিধাসহ অবশিষ্ট সব পাওনার ৫০ শতাংশ নিজ নিজ ব্যাংক হিসাবে এবং বাকি ৫০ শতাংশ নিজ নিজ নামে সঞ্চয়পত্র আকারে সেপ্টেম্বর মাসের মধ্যে পরিশোধ করা হবে।
১৯৬২ সালে প্রতিষ্ঠিত ঘোড়াশালের এই জুট মিলে ৩ হাজার শ্রমিক-কর্মচারী কর্মরত ছিলেন।
