চট্টগ্রাম সিটি করপোরেশনের অন্তর্বর্তীকালীন দায়িত্বে বর্তমান মেয়রই থাকছেন, নাকি প্রশাসক নিয়োগ হচ্ছে—এ নিয়ে চলছে ব্যাপক জল্পনা-কল্পনা। আগামী ৫ আগস্ট বর্তমান মেয়রসহ পরিষদের মেয়াদ শেষ হওয়ার আগে নির্বাচন সম্ভব না হওয়ায় নতুন করে কাকে দায়িত্ব দেওয়া হচ্ছে তা নিয়ে চলছে আলোচনা। পরবর্তী কবে চসিকের নির্বাচন হবে তাতে রয়েছে অনিশ্চয়তা। কারণ কোভিড-১৯ মহামারি কবে স্বাভাবিক হবে তা এখনো কেউ নিশ্চিত করে বলতে পারছেন না। গত মঙ্গলবার ইসির পক্ষ থেকে স্থানীয় সরকার মন্ত্রণালয়কে চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠান নির্দিষ্ট মেয়াদের মধ্যে সম্ভব নয় বলে জানিয়ে দেওয়ার পরিপ্রেক্ষিতে পরবর্তী দায়িত্ব কে পাচ্ছেন সেদিকেই তাকিয়ে আছেন সবাই।
সিটি করপোরেশন আইন ও স্থানীয় সরকার বিশেষজ্ঞদের মতে, এ ক্ষেত্রে দুটি অপশন রয়েছে। বর্তমান মেয়রসহ পরিষদ পরবর্তী নির্বাচন না হওয়া পর্যন্ত দায়িত্ব পালন করতে পারবেন। অন্যটি হচ্ছে, একজন প্রশাসক নিয়োগ দেওয়া যেতে পারে। সে ক্ষেত্রে প্রশাসককে সহযোগিতার জন্য একটি কমিটি গঠন করতে হবে। স্থানীয় সরকার (সিটি করপোরেশন) অ্যাক্ট, ২০১১ অনুসারে একজন উপযুক্ত ব্যক্তি বা প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত প্রথম শ্রেণির কর্মকর্তাকে প্রশাসক হিসেবে নিয়োগ করা যাবে। তবে নিয়োগ পাওয়া প্রশাসক ১৮০ দিনের বেশি দায়িত্বে থাকতে পারবেন না।
এমনিতে সাধারণ নিয়ম অনুযায়ী সিটি করপোরেশনের মেয়রসহ পরিষদের মেয়াদপূর্তির ১৮০ দিন পূর্বে নির্বাচন অনুষ্ঠান হওয়ার কথা। ইতিপূর্বে ২৯ মার্চ চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, কিন্তু করোনা পরিস্থিতির কারণে ২১ মার্চ নির্বাচন স্থগিত করা হয়। নির্বাচনে প্রধান দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থী হলেন আওয়ামী লীগ মনোনীত দলের নগর শাখার যুগ্ম সম্পাদক রেজাউল করিম চৌধুরী এবং বিএনপি মনোনীত নগর সভাপতি ডা. শাহাদাত হোসেন।
এদিকে করোনা ভাইরাস মহামারির মধ্যেও বর্তমান মেয়র আ জ ম নাছির উদ্দীন প্রতিনিয়ত সরকারি পর্যায়ে ত্রাণ বিতরণ, মনিটরিংসহ সার্বিক দায়িত্ব পালন করে যাচ্ছেন। অনেকের ধারণা, নিজ দলের মেয়র থাকায় এবং আগামী নির্বাচনে তিনি দলীয় প্রার্থী না হওয়ায় বর্তমান মেয়রকেই পরবর্তী নির্বাচন পর্যন্ত অন্তর্বর্তী দায়িত্ব দেওয়ার সম্ভাবনা রয়েছে। আবার কেউ কেউ বলছেন, প্রশাসক নিয়োগ করা হতে পারে। তবে সবকিছুই নির্ভর করছে সরকারপ্রধানের ওপর।
উল্লেখ্য, চট্টগ্রাম সিটি করপোরেশনের সর্বশেষ নির্বাচন হয় ২০১৫ সালের ২৮ এপ্রিল। তবে নতুন মেয়র আ জ ম নাছির উদ্দীনের নেতৃত্বে পরিষদের প্রথম সভা অনুষ্ঠিত হয় ২০১৫ সালের ৬ আগস্ট। সে হিসাবে আগামী ৫ আগস্ট মেয়রসহ বর্তমান পরিষদের মেয়াদ শেষ হচ্ছে।
