নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার মেঘনা নদীতে প্রবল স্রোতের কবলে পড়ে জেলেদের মাছ ধরার একটি ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এতে ট্রলারে থাকা তিন জেলের মৃত্যু হয়েছে এবং ১১ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। গতকাল বুধবার ভাসানচরের সন্নিকটে মেঘনা নদীতে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন—সুর্বচর উপজেলার পূর্ব চরবাটা ইউনিয়নের নিরঞ্জন দাসের ছেলে শুকলব দাস (২৫), সুবর্ণচর চর আমান উল্যা ইউনিয়নের অর্জুনের ছেলে সৌরভ (১৪) ও হাতিয়া চরকিং ইউনিয়নের দাসপাড়া গ্রামের প্রাণনাথ দাস (৫০) ।
জানা যায়, প্রতিদিনের মতো হাতিয়ার চেয়ারম্যান ঘাটের যুদিষ্ঠি মাঝির ট্রলারটি ইলিশ শিকারের জন্য ভাসানচরের কাছে যায়। নদীতে জাল ফেলার জন্য তারা নঙ্গল করে অপেক্ষা করছিলেন। এ সময় প্রবাল স্রোতে ট্রলারটি উলটে গেলে ট্রলারে থাকা ১৪ মাঝিমাল্লা সবাই নদীতে পড়ে যান। পরে ১৪ জনের মধ্যে ১১ জন তীরে উঠতে পারলেও তিন জন নিখোঁজ হন। পাঁচ ঘণ্টা খোঁজার পর নিখোঁজ তিন জনের লাশ উদ্ধার করেন স্থানীয় জেলেরা।
হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম জানান, দুর্ঘটনার বিষয়টি শুনেছি। পরে নিহতদের আর্থিক সহযোগিতা করা হবে।
