মোহাম্মদ সাহেদের রিজেন্ট হাসপাতাল ও সাবরিনা আরিফের জেকেজি হেলথ কেয়ারকে পূর্ববর্তী স্বাস্থ্যসচিবের নির্দেশে করোনা পরীক্ষা ও চিকিত্সার বিষয়ে অনুমতি দেওয়া হয়েছিল বলে চিঠিতে ব্যাখ্যা দিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ।
গতকাল বুধবার সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্যসচিব এম এ মান্নান। দুপুরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কারণ দর্শানোর নোটিশের জবাবে মন্ত্রণালয়ে ব্যাখ্যার চিঠি জমা দেন অধিদপ্তরের মহাপরিচালক। রিজেন্ট কেলেঙ্কারির জেরে এই শোকজ নোটিশ পাঠানো হয়েছিল।
স্বাস্থ্যসচিব এম এ মান্নান বলেন, ‘মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ স্বাস্থ্য মন্ত্রণালয়কে লিখিত জবাব দিয়েছেন। আমরা সেটি পেয়েছি। সেই জবাবের সঙ্গে তিনি অনেকগুলো কাগজ সংযুক্তি দিয়েছেন। সেগুলো পর্যালোচনা করা হবে।’ তিনি আরো বলেন, ‘আমরা দেখব যে, তার কাছে যা জানতে চেয়েছি সেগুলো তার জবাবে আছে কিনা। জবাবে সন্তুষ্ট হলেও আমরা লিখিতভাবে জানাব এবং সন্তুষ্ট না হলে ব্যবস্থা নেব।’
স্বাস্থ্যসচিব বলেন, ‘রিজেন্টের সঙ্গে চুক্তির লিখিত আদেশ এই ব্যাখ্যার সঙ্গে সংযুক্ত আছে কি না জানতে চাইলে মহাপরিচালক জানান, সেই চুক্তি করা হয়েছিল সাবেক স্বাস্থ্যসচিব আসাদুল ইসলামের মৌখিক নির্দেশে যিনি বর্তমানে পরিকল্পনা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।’
গত ১২ জুলাই স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদের কাছে ব্যাখ্যা দাবি করে স্বাস্থ্য মন্ত্রণালয়। ঐ অফিস আদেশে ‘স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ’ বলতে স্বাস্থ্য মহাপরিচালক কী বোঝাতে চেয়েছেন সেই বিষয়ে তার কাছ থেকে ব্যাখ্যা চাওয়া হয়। আদেশে বলা হয়, বিভিন্ন পত্রিকায় প্রকাশিত স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তির প্রতি মন্ত্রণালয়ের দৃষ্টি আকৃষ্ট হয়েছে। ঐ সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে স্বাস্থ্য অধিদপ্তর রিজেন্ট হাসপাতালের সঙ্গে চুক্তি করেছে।
