রাজধানীর বাড্ডায় এক সংবাদকর্মীর ফ্ল্যাটে চুরির ঘটনা ঘটেছে। বুধবার বিকাল থেকে সন্ধ্যার যে কোনো সময়ে দক্ষিণ বাড্ডার আলাতুন নেসা স্কুলের সামনে ১৪৩/১ নম্বর বাড়ির চতুর্থ তলার ফ্ল্যাটে চুরি হয়।
ঐ ফ্ল্যাটে বসবাসরত বেসরকারি টিভি চ্যানেল আরটিভির ভিডিও এডিটর শাহজালাল আহমেদ পিন্টু বলেন, করোনা পরিস্থিতিতে তার স্ত্রীকে গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যায় তিনি খবর পান যে, ফ্ল্যাটে চুরি হয়েছে। বাসায় গিয়ে দেখেন কে বা কারা দরজার তালা খুলে ভেতরে প্রবেশ করে জিনিসপত্র তছনছ করেছে। দুর্বৃত্তরা বাসা থেকে দুইটি স্বর্ণের চেইন, এক জোড়া স্বর্ণের দুল, একটি এলইডি টিভি, দুইটি ঘড়ি, আনুমানিক ১৫ হাজার টাকা ভর্তি প্লাস্টিকের ব্যাংক ও ৩০ হাজার টাকাসহ প্রায় ৫ লাখ টাকার মালামাল চুরি করেছে।
