সাতক্ষীরার তালায় করোনায় আব্দুল মান্নান (৪৫) নামের এক কলেজ উপাধ্যক্ষ এবং উপসর্গ নিয়ে সুভাষ চন্দ্র দাস (৬৫) নামে দুইজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে মৃত্যুবরণ করেন তারা।
সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক ডা. মানস কুমার মণ্ডল জানান, করোনা আক্রান্ত হয়ে সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আব্দুল মান্নান মারা যান। তিনি সদর উপজেলার বড়খামার গ্রামের গিয়াসউদ্দিনের ছেলে ও সাতক্ষীরা সুন্দরবন সাইন্স এন্ড বিজনেজ কলেজের উপাধ্যক্ষ ছিলেন। বৃহস্পতিবার ভোর ৫টার দিকে মারা যান তিনি।
আরও পড়ুন: ঈদের ছুটিতে গণপরিবহন চলবে : সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী
এদিকে, উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের সুভাষিনী গ্রামের সুভাষ চন্দ্র দাস করোনা উপসর্গ জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে বুধবার বিকালে মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হন। এরপর সেখানে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকাল ৯টার দিকে তিনি মারা যান। মৃত্যুর পর তার নমুনা সংগ্রহ করা হয়েছে। স্বাস্থ্য বিধি ও ধর্মীয় রীতিনীতি মেনে তার লাশের সৎকারের প্রস্তুতি চলছে। ইতিমধ্যে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে তাদের বাড়ি লকডাউন করা হয়েছে বলে জানান তিনি।
সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের তথ্য মতে, করোনা আক্রান্ত হয়ে জেলায় বৃহস্পতিবার পর্যন্ত মারা গেছেন ৯ জন। এছাড়া করেনা উপসর্গ নিয়ে এ পর্যন্ত মারা গেছেন ৩০ জন।
ইত্তেফাক/এএএম
