পাবনায় যমুনা নদীর পানি বিপদসীমা অতিক্রম করলেও পদ্মার পানি বিপদসীমার নীচ দিয়ে প্রবাহিত হচ্ছে বলে জানা গেছে।
পানি উন্নয়ন বোর্ডে বেড়ার নির্বাহী প্রকৌশলী আব্দুল হামিদ বলেন, যমুনা নদীর নগরবাড়ির মথুরা পয়েন্টে বৃহস্পতিবার সকালে পানির পরিমাণ রেকর্ড করা হয়েছে। বর্তমানে যমুনার পানি ওই পয়েন্টে বিপদসীমার ৪৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
পাবনা পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী মোফাজ্জল হোসেন বলেন, পদ্মা নদীর পানি পাকশী হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে বৃহস্পতিবার সকালে রেকর্ড করা হয়েছে। বর্তমানে ওই পয়েন্টে পানি বিপদ সীমার এক দশমিক ১৭ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
পাউবো সূত্র জানায়, উজানের ঢলে যমুনায় পানি নতুন করে বৃদ্ধি পেয়েছে। তলিয়ে গেছে নি¤œাঞ্চলের ফসলি জমি। হুমকির মুখে ঘরবাড়িসহ নানা স্থাপনা। ভাঙন কবলিত এলাকায় ভাঙন প্রতিরোধে জরুরি কাজ করছে পাউবো। ভাঙনে কবলে ক্ষতিগ্রস্তরা এখনও সরকারি বা বেসরকারি সহায়তা পাননি।
স্থানীয়রা অভিযোগ করে বলেন, করোনার কারণে গৃহবন্দি, বন্যায় নদী ভেঙে সর্বনাশ। সামনে কোরবানীর ঈদ, সবমিলিয়ে আমরা ভালো নেই। এমন অবস্থায় স্থানীয় জনপ্রতিনিধিরা এখনও এগিয়ে আসেনি।
এ ব্যাপারে পাবনা সদর উপজেলা নির্বাহী অফিসার জয়নাল আবেদীন ইত্তেফাককে জানান, স্থানীয় জনপ্রতিনিধিরা এখনও ক্ষতি নিরূপণ বা কত মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন এমন কোনো তথ্য বা ত্রাণ সহায়তার চাহিদা জানাননি। আমাদের তথ্য দিলে সংশ্লিষ্টদের সরকারি ভাবে ত্রাণ সহায়তা প্রদান করা হবে।
ইত্তেফাক/এসি
