টাঙ্গাইল ভূঞাপুরে গোবিন্দাসী গরুর হাটে প্রচুর গরু উঠলেও দেখা নেই দূর দূরান্তের গরুর ব্যাপারীদের। নেই সাধারণ ক্রেতারাও। বিক্রি বাট্টা কম থাকায় দুঃচিন্তায় হাটের ইজারাদার ও স্থানীয় ক্রেতা বিক্রেতারা। এদিকে হাটে কেউ স্বাস্থ্য বিধি না মানলেও প্রাণী সম্প্রসারণ অধিদপ্তরের দাবি সকলকে সতর্ক করা হয়েছে।
স্থানীয় গরু ব্যবসায়ীরা জানান, সপ্তাহের প্রতি বৃহস্পতি ও রবিবার বসা হাটটিতে প্রতি বছর কোরবানী ঈদের আগের এই সময়ে টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী গরুর হাটে ঢাকা, সিলেট, চট্রগ্রাম, কুমিল্লাসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে শত শত বেপারী হাটে গরু কিনতে আসেন। কিন্তু এবছর তাদের দেখা নেই। ফলে গোবিন্দাসী গরুর হাট অনেকটাই ক্রেতা শূন্য হয়ে পড়েছে। এতে বিপাকে পরেছে স্থানীয় কৃষক, খামারী ও মৌসুমী গরু ব্যাবসায়ীরা। দুই চারজন বেপারী হাটে এলেও কাঙ্খিত দাম হাঁকছেন না।
উপজেলা প্রাণী সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা টিএম মহিবুর রহমান জানান, হাটে গরু অসুস্থ হলে তাৎক্ষনিক চিকিৎসা দেওয়ার জন্য ব্যবস্থা নেওয়া হয়ছে। একই সঙ্গে স্বাস্থ্য বিধি মানার জন্য সকলকে সতর্ক করা হচ্ছে।
গোবিন্দাসী গরুর হাটের কর্তৃপক্ষ মো. লোটন মিয়া জানান, হাটে ক্রেতা শূন্য। এবছর হাটের ইজারা নিয়ে ব্যাপক লোকসান গুনতে হবে। যে টাকা দিয়ে হাট ইজারা দেওয়া হয়েছে তার অর্ধেক ইজারাও উঠবে না।
ইত্তেফাক/এসি
