আবারও শুরুর ধাক্কায় ইংল্যান্ড

নিয়ম ভাঙায় আর্চারের শাস্তি

আপডেট : ১৬ জুলাই ২০২০, ২১:১৭

ইদানিং ইংল্যান্ডের কোনো একাদশেই তার জায়গা নিয়ে কোনো প্রশ্ন নেই। সাউদাম্পটন টেস্ট খেলেছেন। গতকাল শুরু হওয়া ম্যানচেস্টার টেস্টের একাদশেও ছিলেন। কিন্তু শেষ মুহূর্তে দর্শক হয়ে যেতে হয়েছে জোফরা আর্চারকে। খেলতে পারছেন না, মাঠেও যেতে পারছেন না আর্চার। ইংল্যান্ড দলের বায়ো সেফটি নিয়ম ভেঙে দল থেকে বাদ পড়েছেন এই ফাস্ট বোলার।

গতকাল ম্যানচেস্টারে শুরু হয়েছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ইংল্যান্ডের তিন টেস্ট সিরিজের দ্বিতীয় টেস্ট। এই টেস্টে টসে জিতে ইংল্যান্ডকে আগে ব্যাটিংয়ে পাঠিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। এখানেও প্রথম টেস্টের জন্য বৃষ্টিতে দেরী করে খেলা শুরু হয়েছে। শুরুতে ভালো প্রতিরোধ করলেও পরে রোস্টন চেজের পরপর দুই বলে দুই উইকেট হারিয়েছে ইংল্যান্ড। এই রিপোর্ট লেখা পর্যন্ত তারা ৩১ ওভারে ২ উইকেটে ৮১ রান করেছে।  আর্চার ১৩ সদস্যের দলেই ছিলেন। কিন্তু আগের রাতে বিধি না মেনে তিনি হোটেল থেকে বের হয়েছিলেন, এটুকু জানা গেছে।  আর এই কারণে আর্চারকে খেলার দল থেকে বাদ দেওয়া হয়েছে। টেস্ট শুরুর দিন সকালে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড জানায় আর্চারকে বাদ দেওয়ার খবর, ‘এখন পাঁচ দিনের আইসোলেশনে যেতে হবে এবং এই সময়ের মধ্যে দুই দফায় কোভিড-১৯ পরীক্ষা করানো হবে। পরীক্ষার ফল নেগেটিভ এলেই কেবল তার আইসোলেশন তুলে নেওয়া হবে। ওয়েস্ট ইন্ডিজ দলকেও এই খবর জানানো হয়েছে এবং যে ব্যবস্থা নেওয়া হয়েছে, তাতে তারা খুশি।’ বিবৃতিতে দায় স্বীকার করে আর্চার বললেন, দলের বাইরে যাওয়ার যন্ত্রণা পোড়াচ্ছে তাকে, ‘যা করেছি, সেজন্য আমি খুবই দুঃখিত। শুধু নিজেকেই নয়, পুরো দল ও ম্যানেজমেন্টকে বিপদে ফেলেছি আমি। নিজের কৃতকর্মের দায় আমি পুরোটাই নিচ্ছি এবং সবার কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।