৪০ জন ফুটবলার নিয়ে বিশ্বকাপের ফুটবল ক্যাম্প শুরু হওয়ার কথা থাকলেও সেটি এখন ৩০-এ নামিয়ে আনা হয়েছে। ৭ আগস্ট ক্যাম্প শুরু করার সিদ্ধান্ত নিয়েছে বাফুফে। ক্যাম্প নিয়ে আগেই আলোচনা হয়েছিল, কাল সিদ্ধান্তগুলো প্রকাশ করেছে বাফুফের জাতীয় দল কমিটি। ফুটবল ক্যাম্প হবে ঢাকার বাইরে বিনোদনের জন্য নির্মাণ করা গাজীপুরে সারা রিসোর্টে। সেখানে ঢোকার আগে ফুটবলারদের বলা হয়েছে তারা যেন নিজ উদ্যোগে কোভিড-১৯ টেস্ট করিয়ে নেগেটিভ সার্টিফিকেট দেখিয়ে ক্যাম্পে উঠেন। কোভিড-১৯ টেস্ট করার জন্য বাফুফে ৪-৬ আগস্ট সময়টাও বলে দিয়েছে। ৭ আগস্ট ক্যাম্প শুরু হবে। কঠোর নিয়মের মধ্যে থাকার নির্দেশনা দিয়েছে। ফিফা এবং এএফসির গাইডলাইন মেনে ক্যাম্প হবে, সেখানে বাফুফের মেডিক্যাল কমিটিও থাকবে। তারাও স্বাস্থ্যগত বিষয়টা দেখভাল করবেন। খেলোয়াড়রা নিজেরা করোনা টেস্ট করালেও ক্যাম্পে উঠার পর বাফুফের উদ্যোগেও করোনা টেস্ট করা হবে জানিয়েছেন জাতীয় দল কমিটির চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ। এর জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় কিংবা অন্য কোনো বেসরকারি হাসপাতালের সঙ্গে সম্পৃক্ত হতে পারে বাফুফে। নাবিল বলেছেন, ‘অক্টোবর-নভেম্বরে বাংলাদেশের বিশ্বকাপ বাছাইয়ের প্রস্তুতি পর্ব নিয়ে অনেক বিচার-বিশ্লেষণ করে কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গাজীপুরে সারাহ রিসোর্টে ট্রেনিং ক্যাম্প শুরু করাই ভালো মনে হয়েছে। ক্যাম্পে আসার সময় তাদের কোভিড টেস্টের রিপোর্ট সঙ্গে আনতে হবে। ক্যাম্পে ঢোকার পর আবার কোভিড টেস্ট করাবে বাফুফে নিজস্ব ব্যবস্থাপনায়। প্রত্যেক ফুটবলারের সুস্বাস্থ্য নিশ্চিত করে ট্রেনিং ক্যাম্প শুরু করতে চাই আমরা।’ কমিটির কোচেয়ারম্যান তাবিথ আউয়াল বলেন, ‘ফিফার কাছে এরই মধ্যে দুই জন প্রবাসী বাংলাদেশি জামাল ভূঁইয়া ও তারেক কাজীর নাম অন্তর্ভুক্ত করে একটি প্রাথমিক তালিকা পাঠানো হয়েছে। শুরুতে বিদেশি কোচিং স্টাফ থাকবে না। দেশি কোচ মাসুদ পারভেজ কায়সারকে নেওয়া হয়েছে। আপাতত তার অধীনে ক্যাম্প চলবে। কোচ জেমি ডে ছাড়াও সহকারী কোচ, ফিজিও, ফিটনেস কোচ, গোলকিপিং কোচ, সফটওয়্যার এনালিস্টসহ ছয় জন বিদেশি কোচিং স্টাফ আসবেন ২১ আগস্ট।’
স্বাস্থ্যগত কারণে ৩০ ফুটবলারকে একসঙ্গে অনুশীলনেরও সুযোগ থাকবে না। তাবিথ জানিয়েছেন, তারা ৩০ জন কোনোভাবে একসঙ্গে মিশতে পারবে না। কয়েক জনের ছোট ছোট গ্রুপ করে ডাক্তারি নজরদারীতে অনুশীলন চলবে ২১ আগস্ট পর্যন্ত। এভাবেই ১৪ দিন অতিক্রম করার পর জেমি ডে অনুশীলন শুরু করবেন। আর কোচরা যখন আসবেন তারাও আইসোলেশনে থাকবেন তাতে নাবিল, তাবিথরা মনে করছেন ৮ অক্টোবর বাংলাদেশ ও আফগানিস্তানের বিশ্বকাপ বাছাই ম্যাচের আগে কোচের চাওয়া অনুসারে অনুশীলনের পর্যাপ্ত সময় এটি।
