করোনা ভাইরাসের কারণে নির্ধারিত সময়ে বিসিবির হাই পারফরম্যান্স (এইচপি) ক্যাম্পটা হচ্ছে না। বিলম্বে হলেও এইচপি ক্যাম্প বাতিল হচ্ছে না। পাশাপাশি দলটির শ্রীলঙ্কা সফর অনেকটাই নিশ্চিত। সেপ্টেম্বরে শ্রীলঙ্কা সফরে দুটি চারদিনের ও পাঁচটি ওয়ানডে ম্যাচ খেলবে এইচপি দল।
আগস্টে জাতীয় দলের পাশাপাশি শুরু হতে পারে এইচপির অনুশীলন। তবে করোনা পরিস্থিতির কারণে মিরপুর স্টেডিয়ামে জায়গা নাও পেতে পারে দলটি। জাতীয় দল মিরপুরে থাকলে এইচপি ক্যাম্প ঢাকার বাইরে চলে যাবে। সে ক্ষেত্রে বিকেএসপি বা সিলেটে হবে এই ক্যাম্প। তবে সব কার্যক্রম শুরু করার আগে সরকারের সিদ্ধান্তের অপেক্ষায় আছে বিসিবি। এইচপির ২৬ জনের স্কোয়াড নির্বাচকরা তৈরি করে রেখেছেন। সেপ্টেম্বরে শ্রীলঙ্কা সফরের জন্য এইচপির ক্যাম্প সম্পর্কে জানতে চাইলে জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু গতকাল বলেছেন, ‘সরকার অনুমতি দিলে আগস্টে অনুশীলন শুরু করে দেব। আগস্টের মাঝামাঝি হতে পারে। জাতীয় দল যদি মিরপুরে করে, তাহলে এইচপি বিকেএসপি বা সিলেটে চলে যাবে।’ প্রয়োজনে লঙ্কা গিয়ে ক্যাম্প করবে এইচপি দল। প্রধান নির্বাচক বলেন, ‘দেশে অনুশীলনের সুযোগ না পেলে ওরা সরাসরি হাম্বানটোটায় চলে যাবে। ওখানে গিয়ে আইসোলেশন, অনুশীলন শেষে দ্বিপাক্ষিক সিরিজ খেলবে।’
