আবারও হোঁচট জুভেন্তাসের

আপডেট : ১৬ জুলাই ২০২০, ২১:২০

আরো একবার দুই গোলে এগিয়ে গিয়েও জিততে ব্যর্থ জুভেন্তাস। পয়েন্ট তালিকার মধ্যম সারির দল সাসুওলোর সঙ্গে ৩-৩ গোলের ড্রয়ের ফলে টানা তৃতীয় ম্যাচে জয়হীন রইলো কোচ মাউরিজিও সারির শিষ্যরা।

প্রতিপক্ষের মাঠে পাঁচ মিনিটে দানিলোর গোলে এগিয়ে যায় জুভেন্তাস। সাত মিনিট পর ব্যবধান বাড়ান গঞ্জালো হিগুয়েইন। তবে ২৯, ৫১ আর ৫৪ মিনিটে গোল হজম করলে হারের শঙ্কাই জাগে জুভেন্তাস শিবিরে। ৬৪ মিনিটে গোল করে দলকে সমতায় ফেরান অ্যালেক্স সান্দ্রো। ম্যাচের বাকি সময়ে সাসুওলোর আক্রমণ সহ্য করলেও গোলরক্ষক অয়েচিখ সজেস্নির বীরত্বে এক পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে সক্ষম হয় জুভেন্তাস। এর ফলে দ্বিতীয় স্থানে থাকা আতালান্তার সঙ্গে ক্রিশ্চিয়ানো রোনালদোদের পয়েন্ট ব্যবধান কমে দাঁড়িয়েছে ৭-এ।

এ নিয়ে শেষ তিন ম্যাচে দ্বিতীয়বার দুই গোলে এগিয়ে গিয়েও জিততে ব্যর্থ হলো জুভেন্তাস। কোচ সারি এর কারণ হিসেবে দেখছেন ধারাবাহিকতার অভাবকেই। ম্যাচের প্রতিক্রিয়ায় তিনি বলেন, ‘একজন কোচ দল থেকে ধারাবাহিকতা চান, এর অভাবই আমার দলে সমস্যা সৃষ্টি করছে। শারীরিক ও মানসিকভাবে ধারাবাহিকতার অভাব আছে আমাদের। ম্যাচে দারুণ কিছু মুহূর্ত কাটিয়েছি আমরা আবার কিছু সময় নিষ্ক্রিয় হয়ে পড়ছিলাম, এটা বোঝানো অসম্ভব!’

নিজেদের পরবর্তী ম্যাচে শীর্ষ তিনের অন্যতম দল ল্যাজিওকে আতিথ্য দেবে জুভেন্তাস। এর আগে কোচ সারির বিশ্বাস, ধারাবাহিকতা আনতে পারলেই ঠিক পথে ফিরবে তার দল। বললেন, ‘আমার বিশ্বাস পুরো ম্যাচে ধারাবাহিকতা আনতে পারলে ঠিক পথেই থাকব আমরা। নিজেদের রক্ষণে প্রতিপক্ষকে পাস দেওয়ার সুযোগ দিলে যে কোনো দলই ভয়ংকর হয়ে উঠবে।’