আগামী মাস থেকে বহুল আলোচিত ডিজিটাল হিসাব মেশিন বা ইলেক্ট্রনিক ফিসক্যাল ডিভাইস (ইএফডি) ব্যবসাপ্রতিষ্ঠানে স্থাপন শুরু করা হচ্ছে। শুরুতে ব্যাপকভিত্তিক না হলেও অল্প পরিমাণে এবং নির্ধারিত ব্যবসাপ্রতিষ্ঠানে এ হিসাব যন্ত্রটি বসানোর পরিকল্পনা রয়েছে। গতকাল বৃহস্পতিবার রাজধানীর সেগুনবাগিচায় জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) অনলাইনে ভ্যাট পরিশোধ পদ্ধতির (ই-পেমেন্ট) উদ্বোধনকালে এ তথ্য জানিয়েছেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনীম।
অবশ্য এর আগেও কয়েক দফা উদ্যোগ নেওয়ার পর শেষ পর্যন্ত তা হয়নি। গত প্রায় তিন বছর ধরেই ব্যবসাপ্রতিষ্ঠানে ইএফডি মেশিন স্থাপনের কথা বলে আসছে এনবিআর। কিন্তু এ ক্ষেত্রে কার্যকর অগ্রগতি হয়নি। ব্যবসাপ্রতিষ্ঠানের লেনদেনকে অনলাইনভিত্তিক করতে না পারায় বিপুল পরিমাণ ভ্যাট ফাঁকির অভিযোগ দীর্ঘদিনের। গতকালও এ প্রসঙ্গটি উঠেছে। এ সময় এনবিআর চেয়ারম্যানও স্বীকার করেন, নগদে লেনদেন হওয়ায় ভ্যাট ফাঁকির সুযোগ থাকছে। এ সুযোগ আমরাই করে দিচ্ছি। তবে সর্বশেষ ইএফডি মেশিন চালু করার কথা থাকলেও করোনা ভাইরাসের বৈশ্বিক মহামারির কারণে তা পিছিয়ে যায় বলে জানান তিনি।
এ সময় তিনি বলেন, দ্রুতই কর ব্যবস্থাপনাকে অটোমেশনে নিয়ে যাওয়ার চেষ্টা চলছে। ব্যক্তি করদাতারদের কর প্রদান ব্যবস্থাকে অনলাইনভিত্তিক করার উদ্যোগের কথা জানিয়ে তিনি বলেন, চলতি বছর থেকে ব্যক্তি করদাতাদের জন্য ই-চালান পদ্ধতি চালু করার চিন্তা করা হচ্ছে। আগামী বছর থেকে বাধ্যতামূলক হবে।
অনলাইনে ভ্যাট প্রদানের এ কার্যক্রমটি বাস্তবায়ন করা হচ্ছে এনবিআরের ভ্যাট অনলাইন প্রকল্প অফিসের মাধ্যমে। শুরুতে এইচএসবিসি, মিডল্যান্ড, প্রাইম ব্যাংকের মাধ্যমে অনলাইনে ভ্যাট পরিশোধ পদ্ধতি চালু হবে। পর্যায়ক্রমে তা বিস্তৃত হবে। করদাতা ভ্যাটের অর্থ পরিশোধের জন্য ব্যাংকে অনুরোধ বার্তা পাঠানোর পর সংশ্লিষ্ট বাণিজ্যিক ব্যাংক থেকে কেন্দ্রীয় ব্যাংকে তা জমা (ট্রেজারি ডিপোজিট) হবে। এরপর বাংলাদেশ ব্যাংক থেকে স্বয়ংক্রিয়ভাবে তা এনবিআরে রক্ষিত সমন্বিত ভ্যাট প্রশাসন পদ্ধতির (আইভিএএস) তথ্যভাণ্ডারে আসবে। আইভিএএস থেকে চালান নম্বরসহ তা করদাতা, সংশ্লিষ্ট ভ্যাট অফিস, বাংলাদেশের মহাহিসাব নিরীক্ষকের কার্যালয়ে (সিএজি) এ সংক্রান্ত নোটিফিকেশন যাবে। এই ইলেক্ট্রনিক নোটিফিকেশনে উল্লিখিত চালান নম্বর, তারিখ, কমিশনারেট অফিসের কোড এবং জমাকৃত অর্থের পরিমাণ সিএজি অফিস থেকে যাচাই করে তা সঠিক পাওয়া গেলে ভ্যাট অফিস ট্রেজারি চালানের বিকল্প হিসেবে তা গ্রহণ করবে। এ লক্ষ্যে গত সোমবার একটি আদেশও জারি করেছে এনবিআর।
অনুষ্ঠানে বাংলাদেশের মহা হিসাব নিরীক্ষক (সিএজি) মোহাম্মদ মুসলিম চৌধুরী, অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সিনিয়র সচিব মো. আসাদুল ইসলাম, অর্থ বিভাগের সচিব আব্দুর রউফ তালুকদার, ভ্যাট অনলাইন প্রকল্পের পরিচালক কাজী মোস্তাফিজুর রহমান ভার্চুয়াল বক্তব্য দেন।
