গরুর হাটে করোনার প্রভাব

ভূঞাপুরে ক্রেতা না থাকায় বিপাকে ইজারাদার-বিক্রেতা

আপডেট : ১৬ জুলাই ২০২০, ২১:৪২

ভূঞাপুরে গোবিন্দাসী গরুর হাটে বিক্রি কম থাকায় দুশ্চিন্তায় পড়েছেন হাটের ইজারাদার ও স্থানীয় ক্রেতা-বিক্রেতারা। হাটে ক্রেতা সমাগম কম থাকায় লোকসানের আশঙ্কা করা হচ্ছে। এদিকে হাটে কেউ স্বাস্থ্যবিধি না মানলেও তাদের স্বাস্থ্যবিধি মানার বিষয়ে সবাইকে সতর্ক করা হচ্ছে বলে প্রাণী সম্প্রসারণ অধিদপ্তর জানায়।

প্রতি বছর কোরবানি ঈদের আগে এই সময়ে গোবিন্দাসী গরুর হাটে ঢাকা, সিলেট, চট্টগ্রাম, কুমিল্লাসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে শত শত ব্যাপারী হাটে গরু কিনতে আসলেও এ বছর তাদের দেখা মিলছে না। দুই-চার জন ব্যাপারী হাটে গরু কিনতে আসলেও কাঙ্ক্ষিত দাম না বলায় অনেকটাই হতাশায় গরু বিক্রেতারা। অন্যদিকে ভয়াবহ বন্যা এবং গো-খাদ্যের মূল্য বৃদ্ধি পাওয়ায় নানা সমস্যায় পড়েছেন স্থানীয় কৃষক ও মৌসুমি ব্যাবসায়ীরা।

উপজেলা প্রাণী সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা টি এম মহিবুর রহমান জানান, হাটে গরু অসুস্থ হলে তাত্ক্ষণিক চিকিত্সা দেওয়ার ব্যবস্থা নিয়েছি। একই সঙ্গে স্বাস্থ্যবিধি মানার জন্য সবাইকে সতর্ক করা হচ্ছে। গোবিন্দাসী গরুর হাটের ক্যাশিয়ার মো. লোটন মিয়া বলেন, হাটে ক্রেতাশূন্য। অন্যান্য বছর ঈদের এই সময় যে পরিমাণ ক্রেতা-বিক্রেতা এবং ব্যাপারীদের আনাগোনা থাকে তার অর্ধেক লোকও হাটে আসেনি। এবছর হাটের ইজারা নিয়ে ব্যাপক লোকসান গুনতে হবে। যে টাকা দিয়ে হাট ইজারা দেওয়া হয়েছে তার অর্ধেক ইজারাও হবে না।