গবাদি পশু চোরাচালান ঠেকাতে রাজশাহী সীমান্তে কঠোর অবস্থানে বিজিবি

আপডেট : ১৬ জুলাই ২০২০, ২১:৪৮

করোনা ভাইরাস সংক্রমণের ঝুঁকি হ্রাস এবং দেশীয় প্রাণিসম্পদ ও খামারিদের বাঁচানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। সরকারের সিদ্ধান্ত মোতাবেক সীমান্ত পথে ভারতীয় গবাদিপশুর চোরাচালান ঠেকাতে কঠোর অবস্থান নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ভারতীয় গবাদিপশু আমদানি ঠেকাতে এলাকাবাসীকে নিয়ে সীমান্তে পাহারা দিচ্ছে বিজিবি। রাজশাহীর চরখিদিরপুর সীমান্তের বাসিন্দারা জানান, বর্তমানে পদ্মায় পানি থাকায় ঈদুল আজহাকে সামনে রেখে বিজিবির চোখ ফাঁকি দিয়ে নদীপথে ভারতীয় গরু-মহিষ আমদানির চেষ্টা করছিল চোরাচালান সিন্ডিকেট। রাজশাহীর-১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল ফেরদৌস জিয়াউদ্দিন আহমেদ বলেন, ঈদের আগে ভারতীয় গরু-মহিষ এলে খামারি ও গবাদিপশু পালনকারী হাজার হাজার মানুষ গরু-মহিষের ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হবেন। পাশাপাশি গরু আনতে বা নিতে গিয়ে সীমান্তে বিএসএফের গুলি ও নির্যাতনে নিরীহ রাখালদের প্রাণ যাচ্ছে। এছাড়া করোনা ভাইরাস সংক্রমণের ঝুঁকি তো রয়েছেই। তাই সীমান্ত এলাকায় বসবাসকারী মানুষের সহায়তায় ভারতীয় গরু চোরাচালান বন্ধে রাজশাহীর সব সীমান্তে পাহারা বসিয়েছে বিজিবি।