সাতক্ষীরা শহরের মুন্সিপাড়ায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক ব্যবসায়ী নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে সাতক্ষীরা-আশাশুনি সড়কের মুন্সিপাড়াস্থ এস এস ভিলার সামনে এ দুর্ঘটনা ঘটে। সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, নিহত মইনুল ইসলাম অওয়াল শহরের মুন্সিপাড়া এলাকার রফিকুল ইসলাম বড় খোকনের ছেলে ও শহরের আদি ফকির মিষ্টান্ন ভাণ্ডারের স্বত্বাধিকারী। মিষ্টি ব্যবসায়ী মইনুল ইসলাম অওয়াল সকালে মোটরসাইকেলে করে শহরের পাওয়ার হাউজসংলগ্ন শহীদ কাজল সরণিতে তার মিষ্টির দোকানে যাচ্ছিলেন। সাতক্ষীরা-আশাশুনি সড়কের মুন্সিপাড়াস্থ এস এস ভিলার সামনে পৌঁছালে পণ্যবাহী ট্রাক তাকে ধাক্কা দেয়। স্থানীয়রা মইনুল ইসলামকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিলে অবস্থার অবনতি হলে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি চুকনগর এলাকায় মারা যান।
