চিতলমারী উপজেলা পরিসংখ্যান অফিসে চরম লোকবল সংকট থাকায় একজন চতুর্থ শ্রেণির কর্মচারী দিয়ে চলছে সব কর্মকাণ্ড। এতে অফিসে বিভিন্ন কাজে আসা লোকজনকে পড়তে হচ্ছে নানা সমস্যায়। উপজেলা পরিসংখ্যান অফিসের চতুর্থ শ্রেণির কর্মচারী মো. আব্দুল আজিজ জানান, চলতি বছরের জানুয়ারি মাসে তিনি এখানে যোগদান করেছেন। তিনি একাই এ অফিসটি সামলান। গত পাঁচ বছর ধরে অফিসের কর্মকর্তাসহ অন্যান্য পদ শূন্য রয়েছে। এতে লোকজনকে সমস্যায় পড়তে হচ্ছে। একার পক্ষে সমস্ত কাজ করা সম্ভব হচ্ছে না বলেও অভিমত ব্যক্ত করেন তিনি। এ ব্যাপারে জেলা পরিসংখ্যান অফিসার সুজিত্ কুমার ঘোষ জানান, লোক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। সমস্যা সমাধানের চেষ্টা করা হচ্ছে।
