করোনা-পরবর্তী স্বাস্থ্য ও পুনর্বাসন সেবা দেবে সিআরপি

আপডেট : ১৬ জুলাই ২০২০, ২২:০৬

সাভারে পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্র সিআরপির পক্ষ থেকে সুস্থ হওয়া করোনা রোগীদের বিভিন্ন স্বাস্থ্য সমস্যায় চিকিত্সা ও পুনর্বাসন সেবা প্রদান করা হবে। বৃহস্পতিবার সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন সিআরপির সিনিয়র জনসংযোগ কর্মকর্তা রোকসানা পারভীন। এতে জানানো হয়েছে, করোনা সংক্রমণ থেকে মুক্ত হওয়ার পর মাংসপেশির জয়েন্ট, মেরুদণ্ডে ব্যথা, দৈনন্দিন কাজে অক্ষমতা ও মানসিক স্বাস্থ্যের অবনতিসহ নানা সমস্যা দেখা দেয়। এসব সমস্যায় ফিজিওথেরাপি, অকুপেশনাল থেরাপি, স্পিচ ও ল্যাংগুয়েজ থেরাপি, ফিজিশিয়ান পরামর্শ এবং নার্সিং সেবার সমন্বয়ে স্বাস্থ্য ও পুনর্বাসন সেবার প্রয়োজন হয়। তাই সিআরপি এসব রোগীকে সম্পূর্ণরূপে সুস্থ করতে কাজ করছে। রোকসানা পারভীন জানান, শনিবার থেকে সিআরপির সাভার ও মিরপুর শাখায় এ সেবা প্রদান করা হবে।