কর্মসূচিতে গণতন্ত্র অবরুদ্ধ দিবস পালিত

আপডেট : ১৬ জুলাই ২০২০, ২২:০৭

দোয়া ও মিলাদ মাহফিলের মধ্য দিয়ে স্বাস্থ্যবিধি মেনে যার যার জায়গা থেকে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে গতকাল বৃহস্পতিবার গণতন্ত্র অবরুদ্ধ দিবস পালন করেছে আওয়ামী লীগ। দেশে জরুরি অবস্থা চলাকালে ২০০৭ সালের ১৬ জুলাই ভোরে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে আওয়ামী লীগ সভানেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তার ধানমন্ডিস্থ সুধা সদনের বাসভবন থেকে গ্রেফতার করা হয়। এরপর থেকে আওয়ামী লীগ এই দিনটিকে গণতন্ত্র অবরুদ্ধ দিবস হিসেবে পালন করে আসছে। গতকাল করোনা ভাইরাস মহামারির কারণে জনসমাগম এড়িয়ে আওয়ামী লীগ ও দলের অঙ্গসহযোগী এবং বিভিন্ন সংগঠন স্বাস্থ্যবিধি মেনে আলোচনা সভা, সমাবেশসহ মিলাদ ও দোয়া মাহফিলের মাধ্যমে দিবসটি পালন করে ।

ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ এ উপলক্ষ্যে বঙ্গবন্ধু এভিনিউয়ের কেন্দ্রীয় কার্যালয়ের দ্বিতীয় তলায় স্বাস্থ্যবিধি মেনে সংক্ষিপ্ত আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আবু আহমেদ মন্নাফী ও সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম মান্নান কচি প্রমুখ।

স্বেচ্ছাসেবক লীগ শেখ হাসিনার কারাবন্দি দিবস উপলক্ষ্যে আওয়ামী লীগের কেন্দ্রীয় রাজনৈতিক কার্যালয়ে ২৩ বঙ্গবন্ধু এভিনিউ সংগঠনের কার্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক এ কে এম আফজালুর রহমান বাবু প্রমুখ। পরে আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে দোয়া মোনাজাত করা হয়। অপরদিকে কৃষকলীগ এইদিনটি ‘গণতন্ত্র অবরুদ্ধ দিবস’ নামে পালন করেছে ২৩ বঙ্গবন্ধু এভিনিউ রাজনৈতিক কার্যালয়ে ৪র্থ তলায়। সভায় সভাপতিত্ব করবেন কৃষকলীগের সভাপতি সমীর চন্দ। নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতি। এছাড়া যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের আহ্বানে দিনটিকে কালো দিবস আখ্যায়িত করে বাদ আসর সারা দেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু সুস্থতা কামনা করে যুবলীগের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।