বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ জানিয়েছেন, আসন্ন ঈদুল আজহায় বাসের আগাম টিকিটের চাহিদা নেই। ফলে আগাম টিকিট বিক্রির সম্ভাবনা কম। তবে চাহিদা থাকলে অবশ্যই বিক্রি করা হবে। গতকাল ঈদুল আজহায় বাসের টিকিট বিক্রির বিষয়ে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, করোনা ভাইরাসের কারণে বাড়ি যেতে মানুষের আগ্রম কম। তাই এবার ঈদুল আজহায় আগাম টিকিটের চাহিদা নেই।
উল্লেখ্য, দেশে করোনা ভাইরাসের সংক্রমণের কারণে গত ২৪ মার্চ সাধারণ ছুটি ঘোষণা করে পরিবহন চলাচল বন্ধ করে দেয় সরকার। দীর্ঘ দুই মাস সাধারণ ছুটি শেষে গত ১ জুন থেকে শর্তসাপেক্ষে গণপরিবহন চলাচলের অনুমতি দেওয়া হয়। ৫০ শতাংশ যাত্রী নিয়ে চলাচলের অনুমতি দেওয়া হলেও সেই যাত্রীই পাওয়া যাচ্ছে না বাসে। ফলে এই ঈদেও মানুষ ঘরবন্দি থাকবে।
