ঢাকার ধলেশ্বরী নদীতে বুধবার সাঁতার কাটতে গিয়ে এক তরুণ নিখোঁজ হয়েছে। ঢাকার কেরানীগঞ্জের রোহিতপুর বিসিক শিল্প নগরী এলাকায় চার বন্ধু নোমান, সাহেদ, মামুন ও শহিদ ধলেশ্বরী নদীতে বাজি ধরে সাঁতার কেটে মাঝ নদীতে গিয়ে শহিদ পানির স্রোতে ডুবে যায়। এ সময় নৌকার মাঝিরা তিন তরুণকে উদ্ধার করতে পারলেও শহিদকে পাওয়া যায়নি।
কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী মাইনুল ইসলাম জানান, ঘটনার পর বিকাল চারটা থেকে রাত ১১টা পর্যন্ত ফায়ার সার্ভিসের ডুবুরি দল চেষ্টা করেও নিখোঁজ শহিদকে উদ্ধার করতে পারেনি। বৃহস্পতিবার আবার উদ্ধার অভিযান চালানো হলেও তাকে উদ্ধার করা যায়নি। নিখোঁজ শহিদ ধর্মশুর এলাকার শরিফ উদ্দিনের ছেলে।
