সাম্প্রতিক সময় লিবিয়ায় সংঘটিত হত্যাকাণ্ডে নিহত ২৬ ও আহত ১১ বাংলাদেশি নাগরিককে পাচারে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন আইজিপি ড. বেনজীর আহমেদ। আইজিপির নির্দেশে এ ঘটনায় সারাদেশে ২৬টি মামলা হয়েছে এবং এ পর্যন্ত ৭১ আসামিকে গ্রেফতার করা হয়েছে। আইজিপির নির্দেশনা অনুযায়ী মামলাগুলোর সর্বশেষ অগ্রগতি পর্যালোচনার জন্য গতকাল পুলিশ সদর দফতরে এক সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত আইজি (এএন্ডও) ড. মো. মইনুর রহমান চৌধুরী এতে সভাপতিত্ব করেন। সভায় মইনুর রহমান চৌধুরী বলেন, আইজিপি সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে এ মামলাগুলোর তদন্তের নির্দেশ দিয়েছেন। এসব মামলায় জড়িত অপরাধীদের কোনো ধরনের ছাড় দেওয়া যাবে না। তিনি দেশে মানবপাচারের মতো ঘৃণ্য অপরাধ বন্ধের জন্য সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান। একইসঙ্গে বিদেশে পলাতক আসামিদের গ্রেফতারের জন্য প্রয়োজনে ইন্টারপোলের সহযোগিতা গ্রহণের নির্দেশনা দেন তিনি। এ তথ্য জানিয়েছেন পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) মো. সোহেল রানা।
