করোনা ভাইরাসের গবেষণা কেন্দ্রে সাইবার হামলা করছে রাশিয়া

আপডেট : ১৬ জুলাই ২০২০, ২২:৪১

রাশিয়া করোনা ভাইরাসের গবেষণাকেন্দ্রে সাইবার হামলা চালাচ্ছে বলে অভিযোগ করেছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং কানাডা। দেশটির নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন, রাশিয়ার সরকারসমর্থিত হামলাকারীরা মূলত করোনা ভাইরাসের ভ্যাকসিন সম্পর্কিত তথ্য চুরির চেষ্টা করছে। —খবর সিএনএনের

ব্রিটেনের জাতীয় সাইবার নিরাপত্তাকেন্দ্র এনএসসিএস বলেছে, এই হ্যাকাররা প্রায় নিশ্চিতভাবে রুশ গুপ্তচর সংস্থার অংশ হিসেবে কাজ করছেন। সংস্থাটি বলছে, ঐ হ্যাকাররা ম্যালওয়ার (হ্যাক করার সফটওয়্যার) ব্যবহার করে এসব সংস্থার কম্পিউটারে গোপনে ঢুকে, তাদের কোভিড-১৯ টিকা তৈরির গবেষণাসংক্রান্ত তথ্য চুরি করার চেষ্টা করেছে। রাশিয়ার হ্যাকার গ্রুপ এপিটি২৯, দ্য ডিউকস এবং কজি বিয়ার নামে পরিচিত। এপিটি২৯ সরকারি প্রতিষ্ঠান, কূটনৈতিক প্রতিষ্ঠান বা থিংক ট্যাংক, হেলথকেয়ার, জ্বালানিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের তথ্য চুরির চেষ্টা করছে। কজি বিয়ার এর আগে ২০১৬ সালের মার্কিন              প্রেসিডেন্ট নির্বাচনের সময় ডেমোক্রেটিক ন্যাশনাল কমিটির ওয়েবসাইটে সাইবার হামলা চালিয়েছিল। এবার এই হ্যাকার প্রতিষ্ঠানটি করোনা ভাইরাস সংক্রান্ত তথ্য পেতে সাইবার হামলা করছে। তবে দেশ তিনটি এটা নির্দিষ্ট করে জানায়নি যে, কোন কোন সংস্থার তথ্য হ্যাকাররা চুরি করার চেষ্টা করছিল অথবা কোনো তথ্য তারা আদৌ চুরি করেছে কি না।