লাইসেন্স না থাকায় বড়লেখায় হলি লাইফ স্পেশালাইজড হাসপাতাল বন্ধ

আপডেট : ১৬ জুলাই ২০২০, ২২:৪২

বড়লেখায় লাইসেন্স না থাকাসহ বিভিন্ন অনিয়মে বেসরকারি হলি লাইফ স্পেশালাইজড হাসপাতালটিকে বন্ধ করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে হাসপাতালটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকালে বড়লেখা পৌর শহরের দক্ষিণবাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করেন বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শামীম আল ইমরান।

অভিযানে হাসপাতালটিতে মেয়াদোত্তীর্ণ রি-এজেন্ট ও সরকারি হাসপাতালের ওষুধ পাওয়া গেছে। হাসপাতালে সেবা কার্যক্রমেরও কোনো মূল্য তালিকা নেই। হাসপাতালের অভ্যন্তরে ফার্মেসির ড্রাগ লাইসেন্স নেই। অভিযোগ উঠেছে, চিকিত্সা নিতে আসা রোগীদের কাছ থেকে অতিরিক্ত বিল আদায়সহ নানাভাবে হয়রানি করা হতো।

এ সময় উপস্থিত ছিলেন বড়লেখা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রত্নদীপ বিশ্বাস, বড়লেখা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রতন দেবনাথ। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, সম্প্রতি একজন রোগীর পক্ষে তার স্বজন বেসরকারি এই হাসপাতালটির বিরুদ্ধে যথাযথ চিকিত্সা না পাওয়ার অভিযোগ আনেন। অভিযোগে বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপসহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার মোহাম্মদ নূর নবী রাজুর নামও উঠে আসে। রাজু ঐ প্রতিষ্ঠানের চেয়ারম্যান মৌসুমী কিবরিয়ার স্বামী।

রাজুর বিরুদ্ধে অভিযোগ, সরকারি হাসপাতালের ডিউটি ফাঁকি দিয়ে তিনি নিজের এ প্রতিষ্ঠানটিতে সময় দিতেন। এ ছাড়া সরকারি হাসপাতালে চিকিত্সা নিতে আসা রোগীদের প্রলোভন দেখিয়ে নিজের হাসপাতালে ভর্তি করতেন। তবে তার বিরুদ্ধে ওঠা এসব অভিযোগ অস্বীকার করে তিনি দাবি করেন, হাসপাতালটির পরিচালক তার স্ত্রী। সেই হিসেবে তিনি মাঝে মধ্যে তার স্ত্রীকে সহযোগিতা করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামীম আল ইমরান বলেন, অনেকগুলো অনিয়ম পাওয়ায় জরিমানা ও হাসপাতালটির কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে।