উত্তরার ডিপিএসএস স্কুলের টিউশন ফি না দেওয়া শিক্ষার্থীরাও অনলাইন ক্লাসে অংশ নিতে পারবে

আপডেট : ১৭ জুলাই ২০২০, ০০:৪৭

করোনাকালে রাজধানী উত্তরার ইংলিশ মিডিয়াম ডিপিএসএস স্কুলের টিউশন ফি অর্ধেক মওকুফ করা সংক্রান্ত আবেদনটি এক সপ্তাহের মধ্যে নিষ্পত্তি করতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালককে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একই সঙ্গে উদ্ভূত পরিস্থিতিতে টিউশন ফি না দিতে পারা শিক্ষার্থীদের অনলাইন ক্লাসে অংশগ্রহণ করা থেকে বঞ্চিত না করতে স্কুল কর্তৃপক্ষকে বলা হয়েছে। এ সংক্রান্ত রিট আবেদনের শুনানি নিয়ে বিচারপতি এম. ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন একক ভার্চুয়াল বেঞ্চ বুধবার এই আদেশ দেন।

গত ১০ জুন ডিপিএসএস স্কুল কর্তৃপক্ষ ই-মেইলের মাধ্যমে জরুরি ভিত্তিতে টিউশন ফি জমা দিতে অভিভাবকদের চিঠি দেয়। এ বিষয়ে আপত্তি জানিয়ে ৫০ শতাংশ টিউশন ফি মওকুফ চেয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক বরাবর গত ৫ জুলাই একটি আবেদন দেন এক শিক্ষার্থীর অভিভাবক মো. কামরুজ্জামান কামরুল। কিন্তু আবেদনটি নিষ্পত্তি না করে ঝুলিয়ে রাখে অধিদপ্তর। এরপরই তিনি হাইকোর্টে রিট করেন। আদালতে রিটের পক্ষে আইনজীবী ওমর ফারুক ও রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায় শুনানি করেন। শুনানি শেষে আদালত এ আদেশ দেয়।