রেস্টুরেন্টের ভ্যাট ফাঁকির গোপন তথ্য ইলেকট্রিক মোটর কারখানায়!

আপডেট : ১৭ জুলাই ২০২০, ০০:৪৭

রাজধানীর মোহাম্মদপুরে একটি ইলেকট্রিক মোটর কারখানায় অভিযান চালিয়ে বিপুল অঙ্কের ভ্যাট (মূল্য সংযোজন কর) ফাঁকির সন্ধান মিলেছে। তবে চমকপ্রদ তথ্য হলো, ঐ প্রতিষ্ঠানের কম্পিউটারে রক্ষিত ফাইল তল্লাশি করে পাওয়া গেল একই মালিকের গুলশানের একটি রেস্টুরেন্টের বড় অঙ্কের ভ্যাট ফাঁকির তথ্য। ঐ সব ফাইল পর্যালোচনায় দেখা গেছে, প্রতিষ্ঠানটি যে পরিমাণ বিক্রি করেছে, সরকারকে দেখিয়েছে তার এক-পঞ্চমাংশ। সম্প্রতি জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ভ্যাট গোয়েন্দা বিভাগ অভিযান চালিয়ে ভ্যাট ফাঁকির এসব তথ্য উদ্ঘাটন করেছে।

ভ্যাট গোয়েন্দা বিভাগের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, কম্পিউটারে রক্ষিত ঐ সব গোপন নথি পর্যালোচনা করে দেখা যায়, গত ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত রেস্টুরেন্টটিতে ৭৮ লাখ টাকার ওপরে বিক্রির তথ্য পাওয়া গেছে। এই বিক্রির উপর ১৫ শতাংশ হিসেবে ক্রেতার কাছ থেকে প্রায় ১২ লাখ টাকা আদায় করার কথা। কিন্তু আলোচ্য সময়ে রেস্টুরেন্ট কর্তৃপক্ষ ভ্যাট বিভাগকে মাত্র ১৫ লাখ ৭১ হাজার টাকা বিক্রি দেখিয়ে সরকারের ঘরে জমা দিয়েছে ২ লাখ ৩৬ হাজার টাকা।