করোনায় আরো দুই পুলিশ সদস্যের মৃত্যু

আপডেট : ১৭ জুলাই ২০২০, ০০:৪৮

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গতকাল বৃহস্পতিবার দুই পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। তারা হলেন, কনস্টেবল মো. সিরাজুল ইসলাম ও ছোটন দেব। গতকাল ভোরে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় তারা দুই জন মারা যান। এ নিয়ে পুলিশ বাহিনীতে মোট ৫৩ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন। এর মধ্যে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ১৭ সদস্য মারা গেছেন। গতকাল পুলিশ সদর দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

পুলিশ সূত্র জানিয়েছে, কনস্টেবল মো. সিরাজুল ইসলাম ডিএমপির উত্তরা বিভাগের আজমপুর পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন। তার বাড়ি ময়মনসিংহের ত্রিশাল থানার চর্ক পাঁচপাড়ায়। 

অপরদিকে ছোটন দেব কক্সবাজার জেলা পুলিশের কনস্টেবল ছিলেন। তার বাড়ি চট্টগ্রাম জেলার পাঁচলাইশ থানার বাতাজুরি গ্রামে।