রিজেন্ট হাসপাতাল কেলেঙ্কারিতে অবিলন্বে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেককে পদত্যাগ করার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, স্বাস্থ্যমন্ত্রী এবং স্বাস্থ্য অধিদপ্তরের মধ্যে এখন যুদ্ধ শুরু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর বলছে আমরা রিজেন্ট হাসপাতালকে টেস্টের অনুমতি দিতাম না যদি মন্ত্রণালয় থেকে আমাদেরকে বলা না হতো। তাহলে এখানে নিঃসন্দেহে স্বাস্থ্যমন্ত্রী দায়ী, তাই তার দ্রুত পদত্যাগ করা উচিত। ?গতকাল রবিবার উত্তরার নিজ বাসা থেকে ভার্চুয়াল মাধ্যমে করোনা চিকিত্সায় জিয়াউর রহমান ফাউন্ডেশন হটলাইন কল সেন্টার উদ্বোধন অনুষ্ঠানে মির্জা ফখরুল এ কথা বলেন। তিনি বলেন, আজ গোটা স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে। ফখরুল বলেন, ?গণমাধ্যমকর্মীদেরকে আমি এ কারণে ধন্যবাদ জানাতে চাই যে, এই চরম বৈরিতার মধ্যেও তারা অনেক সংবাদ প্রকাশ করছেন যাতে মানুষ জানতে পারছে এই সরকারের আমলে কিভাবে দুর্নীতি ব্যাপক থেকে ব্যাপকতর হচ্ছে।
বিএনপি মহাসচিব বলেন, সরকারের কোনো দায়বদ্ধতা নেই বলেই তারা খুঁজছে কীভাবে কোথায় চুরি করা যায়। তিনি বলেন, এই ক্রাইসিসগুলো আসবে জেনেই আমরা বিএনপির পক্ষ থেকে একটি প্রণোদনা প্যাকেজ প্রস্তাব করেছিলাম। ?প্রস্তাব করেছিলাম স্বল্পমেয়াদি মধ্যবর্তী এবং দীর্ঘমেয়াদি কিভাবে এই সংকট থেকে উত্তরণ পাওয়া যায়। কিন্তু সরকার তাতে কর্ণপাত করেনি। অন্যদিকে দুঃখ হয় যখন প্রচণ্ড দুঃসময়ের মধ্যেও টেস্ট করাতে গিয়ে দুর্নীতি হয় এবং তার সঙ্গে জড়িত আওয়ামী লীগের লোকজন।
