বরিশালে শ্বাসকষ্ট ও জ্বর আক্রান্তে মারা যাওয়া ছয়জনের শরীরে করোনা ভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) রাত ১০টা পর্যন্ত ২৪ ঘণ্টায় বিভিন্ন সময়ে করোনা উপসর্গ নিয়ে তাদের মৃত্যু হয়। পরে নমুনা পরীক্ষার প্রাপ্ত ফলাফলে তারা করোনা আক্রান্ত ছিলেন বলে নিশ্চিত হওয়া গেছে বলে জানিয়েছে বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়।
সূত্রটি আরও জানায়, ওই সময়ে নতুন করে আরও ৮২ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে বিভাগে আক্রান্তে সংখ্যা চার হাজার ৫০৭ এবং মৃত্যু বেড়ে ৯৪। এছাড়া শুধুমাত্র বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মোট ১৩৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৫৩ জন করোনা পজেটিভ রোগী ও বাকিরা উপসর্গ নিয়ে মারা গেছেন।
শুক্রবার দুপুরে বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় সূত্রে জানা গেছে, উপসর্গ নিয়ে মারা যাওয়া বরিশাল নগরীর কলেজ রোড এলাকার রণপ্রিয় দাস (৬৫), আলেকান্দা এলাকার লোকমান সিকদার (৬৫), বরিশালের মুলাদী উপজেলার হোসেন মৃধা (৭০), ঝালকাঠি জেলা সদরের আইনজীবী আনিস সিকদার (৬৫), বরগুনা জেলার আমতলী উপজেলার মোজাম্মেল (৮৫) ও তালতলী উপজেলার আলতাফ হোসেনের (৪৮) নমুনা পরীক্ষার প্রতিবেদন করোনা পজেটিভ এসেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের বরিশাল বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ ম-ল জানান, বিভাগটির মধ্যে বরিশাল জেলায় সবচেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছে। এই জেলায় দুই হাজার ৪৯ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ ছাড়া পটুয়াখালীতে ৭৭৪ জন, বরগুনায় ৪৪৩ জন, পিরোজপুরে ৪৪৩ জন, ঝালকাঠিতে ৩৭৬ জন এবং ভোলায় ৪২২ জন রয়েছেন। এদের মধ্যে বিভাগে মোট সুস্থ হয়েছেন দুই হাজার ১৪৩ জন।
ইত্তেফাক/এসি
