মুশফিক আসবেন অনুশীলনে

আপডেট : ১৭ জুলাই ২০২০, ২০:৪৩

স্পোর্টস রিপোর্টার

আজ থেকে শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামসহ বিভিন্ন ক্রিকেট স্টেডিয়ামের দরজা খুলে যাচ্ছে ক্রিকেটারদের ব্যক্তিগত অনুশীলনের জন্য। দলগত অনুশীলনের ব্যাপারে এখনো সিদ্ধান্ত নেয়নি বিসিবি। তারা ব্যক্তিগত অনুশীলনকেও খুব উত্সাহিত করছেন না। তবে কেউ আগ্রহী হলে আসতে পারেন। এ অবস্থায় আগ্রহী ক্রিকেটারদের আগে জানাতে বলা হয়েছিল বিসিবিকে। কিন্তু খুব বেশি ক্রিকেটার এই অনুশীলনে আগ্রহ দেখাননি।

সবমিলিয়ে সারা দেশে জনা পাঁচেক ক্রিকেটার বিসিবির এই অনুশীলন সুবিধা নেবেন বলে জানিয়েছেন। তাও এটা নিশ্চিত নয় যে, আজ থেকেই তারা মাঠে আসবেন কি না। বিসিবি সূত্র জানাল, ঢাকায় অনুশীলন করার আগ্রহ দেখিয়েছেন মুশফিকুর রহিমসহ দুই ক্রিকেটার। সিলেটে দুই জন ক্রিকেটার আগ্রহ দেখিয়েছেন। আর খুলনায় একজন। বিসিবি আজ থেকেই প্রস্তুত থাকবে। কিন্তু তারা আজই আসবেন কি না, সেটা নিশ্চিত নয়।

নিজেদের প্রস্তুতি সম্পর্কে বলতে গিয়ে বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন আগেই বলেছেন, ‘বিষয়টা হচ্ছে যে আমরা আমাদের সুযোগ-সুবিধা আগে থেকেই প্রস্তুত করে রেখেছি। এর কারণ পরিস্থিতি যখন স্বাভাবিক হবে, তখন আমরা আর বাড়তি সময় নষ্ট করব না, সবকিছু প্রস্তুত করার জন্য। আমাদের সবকিছু প্রস্তুত। যেহেতু দেখছি যে, প্লেয়াররা বাইরে বাইরে অনুশীলন করছে, যদিও আমরা বর্তমান পরিস্থিতিতে নিরুত্সাহিত করি, তারপরও বাইরে না করে অন্তত যদি করেও কেউ, নিজ ইচ্ছায়, নিজ দায়িত্বে আমাদের সুযোগ-সুবিধা ব্যবহার করতে পারে।’

ক্রিকেটাররা ইচ্ছা প্রকাশ করলে সুযোগ দিবে বিসিবি। এজন্য গাইডলাইন তৈরি করা হয়েছে। বিসিবির মেডিক্যাল বিভাগ ঠিক করে দিবে কিভাবে ক্রিকেটাররা জিম, মাঠ ব্যবহার করবেন। নিজামউদ্দিন চৌধুরী সুজন বলেছেন, ‘চাইলে এখানে (ফিটনেসের কাজ) করতে পারবে। সেক্ষেত্রে আমাদের ক্রিকেট অপারেশন্সকে তারা বলবে। ক্রিকেট অপারেশন্স বিভাগ আমাদের মেডিক্যাল কমিটির সঙ্গে কথা বলে তাদের সূচি ঠিক করে দিবে, স্বাস্থ্যবিধি মেনে কিভাবে করবে, সেগুলো দেখবে। যদিও এখনো আমরা নিরুত্সাহিত করি।’