দুই সেঞ্চুরিতে ইংল্যান্ডের শক্ত ভিত

আপডেট : ১৭ জুলাই ২০২০, ২০:৪৩

স্পোর্টস ডেস্ক

টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়ে বিরাট এক ভুলই করে ফেলেছেন জেসন হোল্ডার। সাউদাম্পটনে বোলিং দাপটেই জিতেছিল ওয়েস্ট ইন্ডিজ। তবে, ম্যানচেস্টারে দ্বিতীয় টেস্টেও চিত্রটা ভিন্ন। প্রথম ইনিংসে রানের পাহাড় গড়ার দিকেই হাঁটছে স্বাগতিক ইংল্যান্ড।

ম্যানচেস্টারে প্রথম দিনের খেলা শেষে স্বাগতিকদের সংগ্রহ ছিল ৩ উইকেটে ২০৭ রান। তখনই বোঝা গিয়েছিল কিছু আসতে চলেছে। টানা দ্বিতীয় ফিফটি পাওয়া সিবলি ৮৬ ও স্টোকস ৫৯ রানে ব্যাট করছিলেন। এরই মধ্যে দায়িত্বশীল ব্যাটিংয়ে ৫০.৪ ওভারে তারা গড়েছিলেন ১২৬ রানের জুটি।

গতকাল দ্বিতীয় দিনের প্রথম সেশনেও এই দুই ব্যাটসম্যান অবিচ্ছিন্ন ছিলেন। এখানেই শেষ নয়, দ্বিতীয় সেশনের অর্ধেকটাও এই দুই জনই টিকেছিলেন উইকেটে। সিবলি আর স্টোকস—দুই জনই সেঞ্চুরি পেয়েছেন।

এ রিপোর্ট লেখার আগ পর্যন্ত ইংল্যান্ডের সংগ্রহ ৫ উইকেটে ৩৫২ রান। স্টোকস ১৫৯  রানে অপরাজিত। সিবলি ১২০ রান করে আউট হন। সিবলির ইনিংসে ছিল মাত্র পাঁচটি চার। অন্যদিকে, স্টোকস ১৬টি চার ও দুটি ছক্কা হাঁকান। এই দুই ব্যাটসম্যান মিলে গড়েছেন ২৪৪ রানের অবিচ্ছিন্ন জুটি।

চতুর্থ উইকেটে ওল্ড ট্রাফোর্ডের মাঠে এটাই এখন সর্বোচ্চ রানের জুটি। এর আগের সেরা জুটিটা অবশ্য ইংল্যান্ডের দখলে ছিল না। ২০১৩ সালে এই মাঠে চতুর্থ উইকেটে ২১৪ রান যোগ করেন মাইকেল ক্লার্ক ও স্টিভেন স্মিথ। গতকাল তাদের ছাড়িয়ে গেলেন স্টোকস আর সিবলি।

ডান হাতি স্পিনার রোস্টন চেজ দুটি উইকেট নিয়েছেন। আরেকটি উইকেট নেন পেসার আলজারি জোসেফ।

জানিয়ে রাখা ভালো, টেস্টের আগে বড় একটা ধাক্কা খেয়েছে ইংল্যান্ড। ‘বায়ো সিকিউর’ বিধি ভেঙে এ টেস্টের দল থেকে ছিটকে গেছেন পেসার জফ্রা আর্চার। আগেই জেমস অ্যান্ডারসন ও মার্ক উডকে বিশ্রাম দেওয়ায় দ্বিতীয় টেস্টে নতুন চেহারা পেয়েছে স্বাগতিকদের বোলিং আক্রমণ।