মানিকগঞ্জ প্রতিনিধি
মানিকগঞ্জে ডাক্তার না হয়েও চিকিত্সা দেওয়ার নামে প্রতারণার দায়ে ভুয়া ডাক্তার প্রমোদ চক্রবর্তীকে ২ লাখ টাকা জরিমানা করেছেন ভোক্তা অধিদপ্তর সংরক্ষণ অধিদপ্তরের মানিকগঞ্জ জেলার সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল।
প্রতারক প্রমোদ চক্রবর্তী ‘এমবিবিএস (ঢাকা) পিজিটি (সার্জারি) মেডিক্যাল অফিসার, বাংলাদেশ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল, মা ও শিশু রোগে অভিজ্ঞ’—দাবি করে দীর্ঘদিন যাবত্ রোগীদের সঙ্গে চিকিত্সাসেবার নামে প্রতারণা করে আসছিলেন। ভুয়া এই ডাক্তারের প্রতি রোগীর ভিজিট ‘১ হাজার’ টাকা।
মানিকগঞ্জের গঙ্গাধরপট্টি এলাকার বাসিন্দা রানা দীর্ঘদিন ঐ প্রতারক ডাক্তারের কাছে চিকিত্সা নিয়ে প্রতারণার শিকার হন। প্রতারণার শিকার রানা ভোক্তা অধিকারে তার বিরুদ্ধে লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে মানিকগঞ্জ জেলা প্রশাসক এস এম ফেরদৌসের নির্দেশনায় তদন্ত ও শুনানি শেষে বুধবার অভিযুক্ত নামধারী ডা. প্রমোদ চক্রবর্তীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ২ লাখ টাকা জরিমানা করা হয়।
জানা গেছে, এম বি বি এস ডাক্তার না হয়েও প্রমোদ চক্রবর্তী ভিজিটিং কার্ড ও ব্যবস্থাপত্রে বিশেষজ্ঞ পরিচয় দিয়ে দালাল মারফত রোগীদের করতেন আকৃষ্ট। চেম্বার হিসেবে বেছে নিয়েছেন মানিকগঞ্জের সুপার ডায়াগনস্টিক সেন্টার, সিংগাইরের বাস্তা ও সাহরাইলের ফার্মেসিতে। সাভার আধুনিক হাসপাতালসহ বিভিন্ন স্থানে নিয়মিত ৩০০-১ হাজার টাকা ভিজিটে রোগী দেখতেন এই তিনি। করতেন বিভিন্ন জটিল অপারেশনও।
