লুণ্ঠিত মালামাল উদ্ধার, গ্রেফতার ৪

আপডেট : ১৭ জুলাই ২০২০, ২২:৪৫

ইত্তেফাক রিপোর্ট

রাজধানীর বাড্ডায় ডাকাতির ঘটনায় চার জন গ্রেফতার হয়েছে। উদ্ধার করা হয়েছে লুণ্ঠিত মালামাল। গ্রেফতারকৃতরা হলো—খন্দকার জিয়াউর রহমান ওরফে রফিকুল আলম ওরফে মশিউর মিশু, ফয়সাল, মো. আল আমিন ও রানা হোসেন।

বাড্ডা থানা পুলিশ বৃহস্পতিবার রাতে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করে। বাড্ডা থানার ওসি পারভেজ ইসলাম বলেন, গত ১০ জুলাই রাতে বাড্ডা থানার আফতাব নগরের ২ নম্বর রোডের একটি বাসায় ডাকাতির ঘটনা ঘটে। এ ঘটনায় দুই দিন পর বাড্ডা থানায় একটি মামলা দায়ের করা হয়। তিনি বলেন, বিভিন্ন তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে রাজধানীর বিভিন্ন স্থান থেকে চার জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতের কাছ থেকে জব্দ করা হয় লুণ্ঠিত দুইটি ল্যাপটপ, দুইটি আইফোন, দুইটি সিম্ফনি মোবাইল ফোন, একটি রাউটার, এক জোড়া স্বর্ণের চুড়ি, এক জোড়া গোল্ড প্লেটের বালা, রুপা ও ইমিটেশন মিশ্রিত একটি গলার হার ও এক জোড়া কানের দুল, অনেকগুলো ইমিটেশনের গহনা, ৪ হাজার টাকা, একটি দা ও দুইটি চাকুসহ অন্যান্য সামগ্রী।

ওসি জানান, গ্রেফতারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ডাকাতির ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে। তাদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদানের জন্য আদালতে প্রেরণ করা হবে।