দেশে করোনা ভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়ার ১৩২ দিনের মাথায় সরকারি হিসাবে মৃতের সংখ্যা আড়াই হাজার ছাড়িয়ে গেছে, শনাক্ত রোগীর সংখা পৌঁছেছে প্রায় ২ লাখে। এক দিনে আবারও অর্ধ শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় এ ভাইরাসে আক্রান্ত আরো ৫১ জনের মৃত্যু হওয়ায় মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২ হাজার ৫৪৭ জন। দুই মাস সাত দিনে প্রথম ৫০০ জনের মৃত্যু হলেও শেষের ৫০০ জনের মৃত্যু হয় মাত্র ১২ দিনে।
গত ২৪ ঘণ্টায় আরো ৩ হাজার ৩৪ জনের মধ্যে করোনা ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। দেশে শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৯৯ হাজার ৩৫৭ জন। আইইডিসিআরের ‘অনুমিত’ হিসাবে বাসা ও হাসপাতালে চিকিত্সাধীন আরো ১ হাজার ৭৬২ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন গত এক দিনে। তাতে সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ১ লাখ ৮ হাজার ৭২৫ জন হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে যুক্ত হয়ে অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা বৃহস্পতিবার দেশে করোনা ভাইরাস পরিস্থিতির এই সবশেষ তথ্য তুলে ধরেন।
বাংলাদেশে করোনা ভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গত ৮ মার্চ, তার ১০ দিনের মাথায় ১৮ মার্চ প্রথম মৃত্যু হয়। প্রায় এক মাস পর মৃতের সংখ্যা ২০ এপ্রিল ১০০ ছাড়িয়েছিল। মৃতের সংখ্যা ৫০০ ছাড়ায় গত ২৫ মে। গত ১০ জুন মৃতের সংখ্যা হাজার ছাড়ায়। দেড় হাজার ছাড়িয়েছিল ২২ জুন। প্রথম মৃত্যুর ৮৫ দিন পর ৫ জুলাই মৃতের সংখ্যা ২ হাজারের ঘর ছাড়িয়ে গিয়েছিল। এরপর শুক্রবার তা আড়াই হাজারের ঘর ছাড়িয়ে গেল। এর মধ্যে ৩০ জুন এক দিনেই ৬৪ জনের মৃত্যুর খবর জানানো হয় স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে, যা এক দিনের সর্বোচ্চ মৃত্যু।
৮ মার্চ বাংলাদেশে করোনা ভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়ার পর তা দেড় লাখ পেরিয়ে যায় গত ২ জুলাই। সেদিন ৪ হাজার ১৯ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়, যা এক দিনের সর্বোচ্চ। এরপর মাত্র ১৫ দিনে আরো প্রায় ৫০ হাজার মানুষের মধ্যে করোনা ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে দেশে।
