গতকাল শুক্রবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় মাদক মামলার আসামি ধরতে গিয়ে এক এএসআই ছুরিকাঘাতে নিহত হয়েছেন। এসময় আরো এক এএসআই আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে সদর উপজেলার চাঁনপুর বাজার এলাকায়।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বিকাল সাড়ে ৫টার দিকে সদর থানার এএসআই আমির হোসেন (৩৫) ও এএসআই মনি শংকর চাকমা (৩৪) গ্রেফতারি পরোয়ানার আসামি চাঁনপুর বগাহাটি গ্রামের মুসা মিয়ার ছেলে মামুনকে ধরতে যান। সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের পাঘাচং গ্রামের চাঁনপুর মাছ বাজারে আসামি মামুনকে খোঁজ করতে থাকেন। এ সময় মামুন ধারালো অস্ত্র দিয়ে এএসআই আমির হোসেনের বুকে আঘাত করে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে গুরুতর অবস্থায় জেলা সদর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিত্সক মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার আনিসুর রহমানসহ জেলার শীর্ষ পুলিশ কর্মকর্তারা হাসপাতালে ছুটে আসেন। পুলিশ সুপার আনিসুর রহমান জানান, মাদক মামলার আসামির খোঁজ নেওয়ার সময় তাকে ছুরিকাঘাত করা হয়। নিহত এএসআই আমির হোসেন ময়মনসিংহের কোতোয়ালি থানার মোনতাজ আলীর পুত্র। হাসপাতালের জরুরি বিভাগের চিকিত্সক এ বি এম মুসা চৌধুরী জানান, বুকের বামপাশে ফুসফুসে ধারালো অস্ত্রের আঘাতে অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।
