আসল অযোধ্যার খোঁজে নেপালে পুরাতাত্ত্বিক খনন!

আপডেট : ১৮ জুলাই ২০২০, ০০:২৮

রামজন্মভূমি অযোধ্যাকে মুখের কথায় নেপালের মানচিত্রে ঢুকিয়ে নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি যে নতুন বিতর্কের সূচনা করেছেন তাকে আরো সামনে এগিয়ে নিতে মাঠে নেমেছে দেশটির পুরাতত্ত্ব বিভাগ। রামের জন্মভূমি খুঁজতে দেশের দক্ষিণে থোরিতে খননকাজ শুরু করতে যাচ্ছে পুরাতত্ত্ব বিভাগ। একই সঙ্গে গবেষণাও চলবে বলে জানিয়েছে সংস্থাটি। খবর—ইন্ডিয়া টাইমসের

নেপালের পুরাতত্ত্ব বিভাগের মহাপরিচালক দামোদর গৌতম বৃহস্পতিবার জানান, একটি দায়িত্বশীল সংস্থা হিসেবে দেশে সাংস্কৃতিক আর ধার্মিক স্থানগুলো নিয়ে পুরাতাত্ত্বিক খনন, অনুসন্ধান এবং বিশ্লেষণ করা হবে। গৌতম বলেন, ‘দেশের প্রধানমন্ত্রীর বক্তব্যের পর আমাদেরও দায়িত্ব রয়েছে কিছু’। তিনি বলেন, খুব শিগিগরই একটি আলোচনা সভার আয়োজন করা হবে। এতে ইতিহাসবিদ, সাংস্কৃতিক বিশেষজ্ঞ, ধর্মীয় নেতা, শিক্ষক ও গবেষকরা উপস্থিত থাকবেন। এরপর খননের জন্য স্থান নির্ধারণ করা হবে। পুরাতত্ত্ব বিভাগ জানায়, প্রধানমন্ত্রীর দাবি অনুযায়ী, আপাতত থোরি গ্রামেই খনন করা হবে। প্রধানমন্ত্রী কে পি ওলির দাবি, সেখানকার বীরগঞ্জে থোরিতেই আসল অযোধ্যা অবস্থিত।