আগামী ২১ জুলাই শুরু হচ্ছে জাতীয় মত্স্য সপ্তাহ ২০২০। দেশের মত্স্য সম্পদ সংরক্ষণ ও উন্নয়ন এবং জনগণের মধ্যে ব্যাপক সচেতনতা সৃষ্টিতে প্রতিবছরের মতো এ বছরও স্লোগান নির্ধারণ করা হয়েছে ‘মাছ উত্পাদন বৃদ্ধি করি, সুখী সমৃদ্ধ দেশ গড়ি’। জাতীয় মত্স্য সপ্তাহ উপলক্ষ্যে আগামী ২১ থেকে ২৭ জুলাই দেশব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করবে মত্স্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।
২২ জুলাই সকাল সাড়ে ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন লেকে মাছের পোনা অবমুক্তকরণের মাধ্যমে জাতীয় মত্স্য সপ্তাহের উদ্বোধন করবেন। এছাড়া মত্স্য সপ্তাহের প্রথম দিন ব্যানার, ফেস্টুনসহ রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কদ্বীপ সজ্জিত করা হবে। একই দিনে ঢাকাসহ সকল বিভাগীয় শহরে বিভিন্ন ট্রাফিক সিগন্যাল ও দর্শনীয় স্থানে অবস্থিত ডিজিটাল ডিসপ্লেতে মত্স্য খাতে সরকারের অবদান এবং অর্জন স্ক্রল ও টিভিসি আকারে প্রচার করা হবে। দ্বিতীয় দিনে জাতীয় দৈনিক পত্রিকায় ক্রোড়পত্র প্রকাশ করা হবে। কর্মসূচির তৃতীয় দিনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বঙ্গভবন লেকে মাছের পোনা অবমুক্ত করবেন। একই দিনে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের পুকুর ও লেকে, ঢাকার রামকৃষ্ণ মিশন ও ইডেন কলেজ পুকুরে এবং সাভারস্থ বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করা হবে।
জাতীয় মত্স্য সপ্তাহের পঞ্চম দিনে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী জাতীয় সংসদ ভবনের লেকে মাছের পোনা অবমুক্ত করবেন। কর্মসূচির ষষ্ঠ দিনে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম ও দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস যথাক্রমে উত্তরার লেকে ও ধানমন্ডি লেকে মাছের পোনা অবমুক্ত করবেন। এছাড়া জাতীয় মত্স্য সপ্তাহ উপলক্ষ্যে সারাদেশে জেলা-উপজেলায় মাইকিং, ব্যানার, ফেস্টুনের মাধ্যমে জনসচেতনতামূলক প্রচারণা, মত্স্য খাতে বর্তমান সরকারের অগ্রগতি ও সাফল্য বিষয়ে প্রামাণ্য চিত্র প্রদর্শনী, চাষিদের মাঝে মত্স্য চাষের উপকরণ বিতরণসহ নানা কর্মসূচি পালন করা হবে।
