টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়ে বিরাট এক ভুলই করে ফেলেছেন জেসন হোল্ডার। সাউদাম্পটনে বোলিং দাপটেই জিতেছিল ওয়েস্ট ইন্ডিজ। তবে ম্যানচেস্টারে দ্বিতীয় টেস্টেও চিত্রটা ভিন্ন। প্রথম ইনিংসে রানের পাহাড় গড়ে ফেলেছে ইংল্যান্ড।
বেন স্টোকস ও ডম সিবলির সেঞ্চুরিতে প্রথম ইনিংসে ৯ উইকেটে ৪৬৯ রান করে ইনিংস ঘোষণা করেছে ইংল্যান্ড। জবাবে ওয়েস্ট ইন্ডিজ দিনের খেলা শেষ হওয়া পর্যন্ত ১ উইকেটে ৩২ রান তুলেছে। স্টোকস ১৭৬ ও সিবলি ১২০ রান করেন। সিবলির ইনিংসে ছিল মাত্র পাঁচটি চার। অন্যদিকে, স্টোকস ১৭টি চার ও দুটি ছক্কা হাঁকান। এই দুই ব্যাটসম্যান মিলে যোগ করেছেন ২৪৪ রানের জুটি।
চতুর্থ উইকেটে ওল্ড ট্রাফোর্ডে এটাই এখন সর্বোচ্চ রানের জুটি। এর আগের সেরা জুটিটা অবশ্য ইংল্যান্ডের দখলে ছিল না। ২০১৩ সালে এই মাঠে চতুর্থ উইকেটে ২১৪ রান যোগ করেন মাইকেল ক্লার্ক ও স্টিভেন স্মিথ। গতকাল তাদের ছাড়িয়ে গেলেন স্টোকস আর সিবলি।
ম্যানচেস্টারে প্রথম দিনের খেলা শেষে স্বাগতিকদের সংগ্রহ ছিল ৩ উইকেটে ২০৭ রান। টানা দ্বিতীয় ফিফটি পাওয়া সিবলি ৮৬ ও স্টোকস ৫৯ রানে ব্যাট করছিলেন। এরই মধ্যে দায়িত্বশীল ব্যাটিংয়ে ৫০.৪ ওভারে তারা গড়েছিলেন ১২৬ রানের জুটি।
গতকাল দ্বিতীয় দিনের প্রথম সেশনেও এই দুই ব্যাটসম্যান অবিচ্ছিন্ন ছিলেন। এখানেই শেষ নয়, দ্বিতীয় সেশনের অর্ধেকটাও এই দুই জনই টিকে ছিলেন উইকেটে। সিবলি আর স্টোকস দুই জনই সেঞ্চুরি পেয়েছেন।
ডান হাতি স্পিনার রোস্টন চেজ আগেই দুটি উইকেট নিয়েছেন। পরে এই জুটিও ভাঙেন তিনি। সবমিলিয়ে চেজ ১৭২ রানে তুলে নেন পাঁচ উইকেট।
জানিয়ে রাখা ভালো, টেস্টের আগে বড় একটা ধাক্কা খেয়েছে ইংল্যান্ড। ‘বায়ো সিকিউর’ বিধি ভেঙে এই টেস্টের দল থেকে ছিটকে গেছেন পেসার জফ্রা আর্চার।
