করোনার মধ্যেই যুদ্ধে জড়াল আজারবাইজান ও আর্মেনিয়া

আপডেট : ১৮ জুলাই ২০২০, ০০:৩৮

করোনা ভাইরাস মহামারির মধ্যেই সীমান্ত বিরোধ নিয়ে এশিয়ার দুই বৈরি প্রতিবেশি আজারবাইজান ও আর্মেনিয়া যুদ্ধে জড়িয়ে পড়লো। গত ১০ জুলাই থেকে আর্মেনিয়ার উত্তর-পশ্চিমে তাভুশ সীমান্তে দুই দেশের সৈন্যরা ট্যাংক এবং কামানের মতো ভারী অস্ত্র নিয়ে লড়াই করছে। আজারবাইজানের সরকারি হিসেবেই এক জন মেজর জেনারেল র্যাঙ্কের কর্মকর্তাসহ তাদের ১১ জন সৈন্য মারা গেছে। আর্মেনিয়া স্বীকার করেছে এক জন মেজর এবং এক জন ক্যাপ্টেনসহ তাদের চার জন সৈন্য মারা গেছে। দুই পক্ষই বলছে, বেসামরিক লক্ষ্যবস্তুতে গোলাবর্ষণ করা হচ্ছে, যাতে মানুষজন মারা যাচ্ছে।—খবর:বিবিসি।

রুশ পত্রিকা প্রাভদা আজারবাইজান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র কর্নেল ভাজিফ দারগিয়াখিলকে উদ্ধৃত করে লিখেছে আজারবাইজানের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ যে কোনো স্থাপনায় হামলা হলে আর্মেনিয়ার মেটসামোর পারমাণবিক বিদ্যুত্ কেন্দ্রে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হবে।

এ ধরনের পরিস্থিতির পর আন্তর্জাতিক মহলে উদ্বেগ দেখা দিয়েছে। রাশিয়া এবং যুক্তরাষ্ট্র মাথা ঠাণ্ডা রাখার জন্য দুই দেশের প্রতি আহ্বান জানিয়েছে। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপে এরদোয়ান বলেছেন, আজারবাইজানকে রক্ষার জন্য বিন্দুমাত্র দ্বিধা তিনি করবেন না।

প্রসঙ্গত, নাগোরনো কারাবাখ নামে বিতর্কিত একটি অঞ্চলের নিয়ন্ত্রণ নিয়ে মুসলিম আজারবাইজান এবং ক্রিস্টান আর্মেনিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে।