করোনায় বাবা-ভাইয়ের মৃত্যুর এক মাস পর নারীর মৃত্যু

আপডেট : ১৮ জুলাই ২০২০, ১৭:০৮

চাঁদপুরের হাজীগঞ্জে করোনায় বাবা-ভাইয়ের মৃত্যুর একমাস পর বোনের মৃত্যু। এ ঘটনায় নিহতের পরিবার ও আত্মীয়-স্বজনসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

গেল মাসের ৫ জুন শুক্রবার সকাল ৯টায় ছেলে আব্দুল আউয়াল (৫০) করোনা উপসর্গ নিয়ে নিজ বাড়ীতে মারা যান। এর পরের শুক্রবার (১২ জুন) সকাল ৯টায় তার বাবা আবুল কাশেম প্রকাশ লেদা মিয়াও (৭৫) করোনা উপসর্গ নিয়ে মারা যান।

১৪ জুলাই আবদুল আউয়ালের বড় বোন কামরুননাহার (৫২) করোনা উপসর্গে মৃত্যুবরণ করেন। তার জ্বর ও শ্বাস কষ্ট দেখা দিলে শাহমিরানা হাসপাতালে আনলে হাসপাতালের কর্তব্যরত ডাক্তার কামরুননাহারকে মৃত্যু ঘোষণা করেন। পরে ১৮ জুলাই আসা তার করোনা রিপোর্টে পজেটিভ আসে।

মৃত আব্দুল আউয়াল রুবেল হাজীগঞ্জ পৌর যুবদলের আহবায়ক পদে দায়িত্বরত ছিলেন। তিনি গেল মাসের ৪ জুন (বৃহস্পতিবার) করোনা পরীক্ষায় হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা জমা দিয়ে আসেন। এর পরের দিন ৫ জুন (শুক্রবার) সকালে তিনি মারা যান। একই উপসর্গে ১২ জুন শুক্রবার সকালে তার বাবাও মারা যান। মৃত আব্দুল আউয়াল হাজীগঞ্জ পৌরসভাধীন ৬নং ওয়ার্ড মকিমাবাদ গ্রামের সদার বাড়ির বাসিন্দা। আবদুল আউয়াল ও তার বাবার করোনা রিপোর্ট পজেটিভ এসেছিল।

মাত্র এক সপ্তাহে বাবা-ছেলের মৃত্যুর পর এক মাসের ব্যবধানে একই পরিবারের আরেকজনের মৃত্যুতে মৃতের পরিবার, নিকট আত্মীয়-স্বজন, পাড়া-প্রতিবেশীসহ নিজ গ্রাম মকিমাবাদ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এইচ এম শোয়েব আহমেদ চিশতী জানান, ১৮ জুলাই পর্যন্ত হাজীগঞ্জে করোনায় আক্রান্ত হয়েছে ১শ ৪১ জন। এর মধ্যে মৃত্যুবরণ করেছে ১৭জন। সুস্থ হয়েছে ৬০জন।  শুধু ১৮ জুলাই হাজীগঞ্জে করোনায় আক্রান্ত হয়েছে মৃত্যু হয় কামরুন নাহারসহ ৬ জনের। এর মধ্যে ১ জন স্বাস্থ্যকর্মী রয়েছে। আক্রান্তদের মধ্যে পৌরসভার ৩ জন ও ইউনিয়নের ৩ জন রয়েছে।

ইত্তেফাক/এমএএম