বিজ্ঞান
মোহাম্মদ নাসির উদ্দিন,সিনিয়র শিক্ষক
দুলালপুর এস.এম.এন্ড কে. উচ্চ বিদ্যালয় কুমিল্লা।
প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জেএসসি পরীক্ষায় ভালো ফলাফল ও ভবিষ্যতে উচ্চতর শিক্ষার ক্ষেত্রে বিজ্ঞান বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। অধ্যায়ভিত্তিক রচনামূলক (সৃজনশীল) প্রশ্নোত্তর তোমাদের জন্য তুলে ধরা হচ্ছে। আজকে সপ্তম অধ্যায় অর্থাত্ ‘পৃথিবী ও মহাকাশ’ থেকে সৃজনশীল রচনামূলক প্রশ্ন তুলে ধরা হলো।
নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নগুলোর উত্তর দাও।
রাইয়্যানদের বাড়ির ছাদে জন্মদিনের অনুষ্ঠানের জন্য প্যান্ডেল করা হচ্ছে। রাইয়্যান ছাদে ২৫০ গ্রাম ভরের একটি পরিত্যক্ত টিনের অংশ ও একটি ইট দেখতে পেল। সে টিনের পরিত্যক্ত অংশ ও ইট মাটিতে ফেলে দেয়। ইটের ওপর পৃথিবীর প্রযুক্ত বলের পরিমাণ ২৪.৫ নিউটন।
ক. মহাকর্ষ কাকে বলে?
খ. লিফটে উপরে ওঠার সময় ভারী অনুভব হয় কেন?
গ. ইটটির ভর নির্ণয় কর।
ঘ. রাইয়্যানের ফেলা বস্তু দুটি একই সাথে মাটিতে পড়বে কি না? বিশ্লেষণ কর।
উত্তর:
ক. মহাকর্ষ: মহাবিশ্বের সকল বস্তু কণাই একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে। এই আকর্ষণ বলকে মহাকর্ষ বলে।
খ. আমরা যখন কোনো স্থির লিফটে দাঁড়াই তখন আমরা লিফটের মেঝের উপর আমাদের ওজনের সমান বল প্রয়োগ করি, লিফটও আমাদের উপর ওজনের সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া বল প্রয়োগ করে-আমরা আমাদের ওজনের অস্তিত্ব টের পাই। কিন্তু লিফট যদি উপরের দিকে উঠতে থাকে তখন স্থির অবস্থান থেকে উপরের দিকে যাত্রা করায় লিফটটির উপরের দিকে একটি ত্বরণ সৃষ্টি হয় ফলে লিফটের সাপেক্ষে আমাদের ত্বরণ g এর চেয়ে বেশি হয় কাজেই ভারী মনে হয়।
গ. উদ্দীপক হতে পাই,
ইটের উপর প্রযুক্ত পৃথিবীর বল F = 24.5 নিউটন
অভিকর্ষজ ত্বরণ g = 9.8 মিটার/সেকেন্ড২
ধরি, ইটের ভর, m=?
F= mg
m= F/g
= 24.5/ 9.8
= ২.৫ কিলোগ্রাম
উদ্দীপকের ইটের ভর ২.৫ কিলোগ্রাম।
ঘ. উদ্দীপকের রাইয়্যানের ফেলা বস্তু দুটি একই সাথে মাটিতে পড়বে না। টিনের অংশ পড়ার আগেই ইট মাটিতে পৌঁছাবে।
কারণ অভিকর্ষ বলের প্রভাবে একই উচ্চতা হতে ভিন্ন ভিন্ন ভরের বস্তু ভূপৃষ্ঠে পৌঁছাতে সময়ের তারতম্য হয়। কারণ বস্তুর উপর বাতাসের উর্ধ্বমুখী চাপ ও ঘর্ষণ বাধা। যে বস্তুটির ভর বেশি, কিন্তু আয়তন কম সেটি বাতাসের উর্ধ্বমুখী চাপ ও ঘর্ষণ বাধা অতিক্রম করে কম সময়ে মাটিতে পৌঁছাতে সক্ষম হয়। যেহেতু টিনের টুকরার ভর ২৫০ গ্রাম কিন্তু ইটের ভর ২.৫ কিলোগ্রাম বা ২৫০০ গ্রাম। কাজেই টিনের টুকরার তুলনায় ইটের টুকরাটি কম সময়ে মাটিতে পৌঁছাতে সক্ষম হবে।
