‘ভালো বললেও খুব খুশি হই না, খারাপ বললেও মন খারাপ হয় না’

আপডেট : ১৮ জুলাই ২০২০, ২০:২২

আশনা হাবিব ভাবনা। অভিনেত্রী পরিচয়ে সবাই তাকে চিনলেও লেখক পরিচয়টিও প্রকাশ হয়েছে তার। সম্প্রতি লিখলেন কবিতা এবং সেটি আবৃত্তিও করলেন। এই বিষয়গুলো ও এবার ঈদের তা প্রকাশ হতে যাওয়া ফিকশন নিয়ে কথা বললেন বিনোদন প্রতিদিনের সঙ্গে। সাক্ষাত্কার নিয়েছেন

মোস্তাফিজ মিঠু

অনেকদিন বিরতির পর আবারো শুটিং শুরু হয়েছে। আপনার এখনকার ব্যস্ততা নিয়ে জানতে চাই শুরুতে—

এখন ঈদের কাজগুলো করছি। এখন পর্যন্ত ২টি কাজ করলাম। এরমধ্যে এস এ হক অলিক পরিচালিত ‘কদম ফুলের প্রেম শিরোনামে’ একটি নাটক করলাম। এছাড়া অনিমেষ আইচের পরিচালনায় ‘টুলেট’ শিরোনামে একটি শর্টফিল্ম করলাম। এটি ঈদে দীপ্ত টিভিতে প্রচার হবে। আরো একটি কাজ করবো। তবে একটি একটি অনলাইন প্লাটফর্মে প্রচার হবে।

 

করোনাকালীন সময়ে শুটিং শুরু হলেও অনেকে শুটিং ব্যবস্থা নিয়ে অভিযোগও করেছেন। আপনার অভিজ্ঞতা কেমন ছিল?

অভিযোগের আসলে শেষ নেই। আপনি বাসার বাইরে বের হলেই রিস্ক। কখন কোথায় হবে তা তো আপনি জানেন না। কলকাতায় সিরিয়াল আর্টিস্টদেরও ভ্যান আছে। আমাদের তো এটা সিনেমাতেও দেখা যায় না। এছাড়া আমরা যেভাবে শুটিং করি সেখানে নিরাপত্তার বিষয়টা বেশ কষ্টকর। এখন শুটিংয়ের নিরাপত্তার বিষয়ে অভিযোগ করাটা আসলে খুব বেশি যৌক্তিক না। যদি আমার মনে হয় নিরাপত্তার অভাব তাহলে শুটিং না করাই ভালো।

 

সম্প্রতি আপনার একটি আবৃত্তি প্রকাশ পেয়েছে, এ প্রসঙ্গে জানতে চাই এবং ভক্তদের সাড়া কেমন ছিল?

আমি কোনো প্লান করে কবিতা লিখিনি। নিজের ভাবনা প্রকাশ করেছি। সেটি হয়তো কবিতায় রূপ পেয়েছে। জাহিদ আকবর ভাই আর তানভীর তারেক ভাইয়ের প্রতি কৃতজ্ঞ। তাদের উদ্যোগে এটি সম্ভব হয়েছে। আর সাড়া ভালো পেয়েছি সবার। কিন্তু আসলে ভালো বললেও খুব খুশি হই না, খারাপ বললেও মন খারাপ হয় না। কারণ প্রতিটি কাজই আমার ভালোবাসা থেকে করা।