ঢাকার ১৮৯ রানের লক্ষে ব্যাট করছে রাজশাহী

আপডেট : ০৫ জানুয়ারি ২০১৯, ১৯:৪৪

বিপিএলে নিজেদের প্রথম ম্যাচে বড় সংগ্রহ করেছে ঢাকা ডায়নামাইটস। রাজশাহী কিংসের বোলারদের হতাশায় ফেলে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৮৯ রান তুলেছে সাকিব আল হাসানের দল। জিততে হলে মেহেদী হাসান মিরাজের রাজশাহীকে করতে হবে ১৯০ রান। এ প্রতিবেদ লেখা পর্যন্ত রাজশাহী কিংসের সংগ্রহ ২ উইকেট হারিয়ে ৫ ওভারে ৩৬ রান।

এদিন টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালেই করেছিল ঢাকা ডায়নামাইটস। দুই ওপেনার হযরতউল্লাহ জাজাই আর সুনিল নারিন ১০.৪ ওভারের উদ্বোধনী জুটিতেই দলকে এনে দেন ১১৬ রান। ২৮ বলে ৪ বাউন্ডারি আর ২ ছক্কায় ৩৮ রান করা নারিনকে ফিরিয়ে এই জুটিটি ভাঙেন মোহাম্মদ হাফিজ।

পরের ওভারে ভয়ঙ্কার হযরতউল্লাহ জাজাইকে সৌম্য সরকারের ক্যাচ বানান রাজশাহী অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। ৪১ বলে ৭৮ রানের বিধ্বংসী ইনিংসে জাজাই চারের চেয়ে ছক্কা মেরেছেন বেশি।

আরো পড়ুন: পেরেরা বিধ্বংসী সেঞ্চুরির পরও জয় দিয়ে সিরিজ নিশ্চিত করলো নিউজিল্যান্ড

পরে ঢাকা ডায়নামাইটসের মিডল অর্ডার ধ্বসে পড়ে। অধিনায়ক সাকিব আল হাসান (২), কাইরন পোলার্ড (৩), নুরুল হাসান সোহান (১)-কেউই দাঁড়াতে পারেননি। ফলে ১৩৬ রানের মধ্যেই ৫ উইকেট হারিয়ে বসে দলটি। বিপদ আরো বাড়তে পারতো সাকিবের দলের। আন্দ্রে রাসেল ১০ রানে থাকার সময় মোস্তাফিজুর রহমানের বলে আকাশে ভাসা সহজ তালুবন্দী করতে পারেননি মুমিনুল হক। ক্যারিবীয় ওপেনার অবশ্য ততটা ভয়ঙ্কর হতে পারেননি। ১৯ বলে ২১ রানে অপরাজিত থাকেন তিনি।

তবে তার সঙ্গে জুটিতে ধ্বংসযজ্ঞ চালিয়েছেন শুভাগতহোম চৌধুরী। ১৪ বলে হার না মানা ৩৮ রানের এক ইনিংস খেলেন এই অলরাউন্ডার, যে ইনিংসে ৫টি চারের সঙ্গে ছিল ২টি ছক্কার মার।

ইত্তেফাক/বিএএফ