যান চলাচল বন্ধ
স্টাফ রিপোর্টার, বগুড়া
বগুড়ার গাবতলী উপজেলার সাবাসপুর এলাকায় বগুড়া-সারিয়াকান্দি সড়কে সিমেন্ট বোঝাই একটি ট্রাকসহ বেইলি ব্রিজ ভেঙে খালে পড়েছে। সিমেন্ট বোঝাই ট্রাকটি সেতুটি পার হওয়ার চেষ্টা করলে এ দুর্ঘটনা ঘটে। এতে করে ঐ সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। শনিবার সকাল ৮টার দিকে বগুড়া-সারিয়াকান্দি সড়কের সাবাসপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সড়ক বিভাগ জানায়, ব্রিজটির ধারণক্ষমতা ছিল ১০ টনের আর ট্রাকটির লোড ছিল ৫০ টন। যার কারণে ব্রিজটি ভেঙে গেছে। সাবাসপুর এলাকার স্থানীয়রা জানান, শনিবার সকাল আনুমানিক ৮টার দিকে সিমেন্ট বোঝাই একটি ট্রাক বগুড়া শহর থেকে সারিয়াকান্দি যাচ্ছিল। ট্রাকটি ঐ ব্রিজ পার হওয়ার সময় ট্রাকের লোডে সেটি ভেঙে পড়ে। এতে করে ট্রাকটি খালে পড়ে যায় এবং ঐ সড়কে যোগাযোগ বন্ধ হয়ে যায়। বগুড়া সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আশরাফুজ্জামান জানান, ব্রিজটি সংস্কার করে যোগাযোগ ব্যবস্থা সচল করার কাজ চলছে। তিনি বলেন, ট্রাকটির মালিকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
