ডুমুরিয়া (খুলনা) সংবাদদাতা
উপজেলা সদরে সাবেক ইউপি সদস্য শাহিনুজ্জামান শাহিনের স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। দুই সন্তানের জননী রাবেয়া বেগমের (৩৫) লাশ শনিবার সকালে ছাদের হুকের সঙ্গে ওড়নায় ফাঁস লাগানো অবস্থায় উদ্ধার করা হয়। এ ব্যাপারে ডুমুরিয়া থানায় দেবর সেলিম সরদার বাদী হয়ে অপমৃত্যু মামলা দায়ের করেছেন।
গৃহবধূর শ্বশুর আব্দুস সবুর সরদার বলেন, দীর্ঘক্ষণ সাড়াশব্দ না পেয়ে দরজা ধাক্কা দিয়ে খুলতে পারিনি। এরপর ছেলেকে ফোন করে বাড়ি আসতে বলি। পরে পেছনের জানালা দিয়ে রাবেয়াকে গলায় ওড়না প্যাঁচানো ঝুলন্ত অবস্থায় দেখা যায়। ডুমুরিয়া থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম বিপ্লব বলেন, ঝুলন্ত অবস্থায় গৃহবধূর একটি পা খাটের ওপর হাঁটু লাগানো অবস্থায় দেখা যায়। মৃত্যুটি রহস্যজনক বলে মনে হয়। লাশ খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে।
