পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

আপডেট : ১৮ জুলাই ২০২০, ২১:১৭

ইত্তেফাক ডেস্ক

দুই জেলায় শনিবার সড়ক দুর্ঘটনায় তিন জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো তিন জন। আমাদের প্রতিনিধি ও সংবাদদাতা জানান :

সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের পাঁচলিয়ায় ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। নিহত সোহেল রানা এলাকার উলিপুরের আব্দুর রশিদের ছেলে। তিনি ভাড়ায় মোটরসাইকেল চালাতেন। হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি নুরন্নবী প্রধান জানান, সকালে সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের পাঁচলিয়া বাজারের উত্তর পাশ থেকে দক্ষিণ প্রান্ত পার হবার সময় সোহেল রানাকে দ্রুতগামী একটি ট্রাক চাপা দেয়। পরে হাসপাতালে নেবার পথে তিনি মারা যান। পুলিশ তার লাশ উদ্ধার করেছে।

বিরামপুর (দিনাজপুর) : দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের চড়ারহাটে ট্রাকের ধাক্কায় অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো তিন জন। নিহতরা হলেন— নবাবগঞ্জ উপজেলার আমদই গ্রামের আতিয়ার রহমানের স্ত্রী আঞ্জুয়ারা (৫০) এবং রনজৌপুর গ্রামের মৃত জমির উদ্দীনের ছেলে আব্দুর রশিদ (৬০)। নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) অশোক কুমার চৌহান বলেন, দুই জনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।