সংবাদ সংক্ষেপ

আপডেট : ১৮ জুলাই ২০২০, ২১:২০

 

বন্যাকবলিত পরিবারের মধ্যে শুকনো খাবার বিতরণ

সুনামগঞ্জ প্রতিনিধি বন্যায় ক্ষতিগ্রস্ত সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় দক্ষিণ বাদাঘাট ইউনিয়নের ব্রজনাথপুর, বাঘমারা, দুর্গাপুর, ধরেরকান্দা গ্রামের ১ হাজার পরিবারের মধ্যে শুকনো খাবার বিতরণ করা হয়েছে। শনিবার সকালে নৌকাযোগে শুকনো খাবার বিতরণ করেন সিলেট ও সুনামগঞ্জ সংরক্ষিত আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামীমা শাহরিয়ার।

২ লক্ষাধিক গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন

নেত্রকোনা প্রতিনিধি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষ্যে নেত্রকোনায় জেলা প্রশাসন ও বন বিভাগের উদ্যোগে দুই লক্ষাধিক বিভিন্ন জাতের গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। নেত্রকোনা সার্কিট হাউজ প্রাঙ্গণে বৃহস্পতিবার হরিতকি, আমলকি, বহেরা এবং সবরি গাছের চারা রোপণ করে এই কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মঈনউল ইসলাম।

প্রণোদনার চেক বিতরণ

মেলান্দহ (জামালপুর) সংবাদদাতা মেলান্দহে করোনায় ক্ষতিগ্রস্ত ননএমপিও শিক্ষক ও গ্রাম পুলিশদের মধ্যে প্রণোদনার চেক প্রদান করা হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে শনিবার মির্জা আজম অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পাট-বস্ত্র মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ মির্জা আজম এমপি এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন। সভায় ১৭০ জন ননএমপিও শিক্ষক এবং ১১০ জন গ্রাম পুলিশের প্রতিজনের মধ্যে ৫ হাজার করে প্রণোদনার চেক বিতরণ করা হয়।

সোশ্যাল সাপোর্ট কমিটির সভা

উলিপুর (কুড়িগ্রাম) সংবাদদাতা উলিপুরে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে উপজেলা সোশ্যাল সাপোর্ট কমিটির দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত হয় শনিবার। বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কার্যালয়ে এমজেএসকেএস এর নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ ও মোকাবিলা প্রকল্পের আয়োজনে ও মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় এবং সিডার অর্থায়নে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা সোশ্যাল সাপোর্ট কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা।

কমিউনিটি পুলিশিং কমিটির মতবিনিময় সভা

হোসেনপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির মতবিনিময় সভা শনিবার অনুষ্ঠিত হয় হোসেনপুর থানা কমপ্লেক্স হল রুমে। সভায় সভাপতিত্ব করেন উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. জহিরুল ইসলাম নুরু মিয়া। উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক প্রদীপ কুমার সরকারের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ নূর ইসলাম, আড়াইবাড়িয়া ইউনিয়ন কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি এ বি এম অহিদুল্লাহ প্রমুখ।

স্বাস্থ্য সুরক্ষাসামগ্রী ও অর্থ পেল বন্যায় ক্ষতিগ্রস্তরা

মাদারগঞ্জ (জামালপুর) সংবাদদাতা বন্যা এবং মহামারি করোনা সংক্রমণের প্রাদুর্ভাবে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে ওয়ার্ল্ড ভিশন ও উন্নয়ন সংঘের যৌথ উদ্যোগে স্বাস্থ্য সুরক্ষাসামগ্রী এবং নগদ ৩ হাজার করে টাকা বিতরণ করা হয়েছে। স্টার্ট ফান্ডের অর্থায়নে শনিবার মাদারগঞ্জ উপজেলার জোড়খালী ইউনিয়নের ফুলজোর গ্রামে বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফরিদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি বাবু অরুন কুমার সাহা প্রমুখ।

হাতিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে দুটি অক্সিজেন সিলিন্ডার প্রদান

হাতিয়া (নোয়াখালী) সংবাদদাতা হাতিয়া উপজেলার হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শনিবার দুটি অক্সিজেন সিলিন্ডার প্রদান করেন চট্টগ্রামের হাতিয়া নাগরিক কল্যাণ পরিষদের নেতৃবৃন্দ। এ সময় হাতিয়া উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাজিম উদ্দিন, হাতিয়া প্রেসক্লাবের সভাপতি কৃষ্ণ চন্দ্র মজুমদার প্রমুখ উপস্থিত ছিলেন।

মুজিববর্ষে ১ কোটি গাছের চারা রোপণ করবে কৃষক লীগ

কোটালীপাড়া (গোপালগঞ্জ) সংবাদদাতা মুজিববর্ষ উপলক্ষ্যে বাংলাদেশ কৃষক লীগের পক্ষ থেকে সারা দেশে ১ কোটি গাছের চারা রোপণ করা হবে বলে জানিয়েছেন সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সভাপতি কৃষিবিদ সমীর চন্দ। শনিবার গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার পৌর মার্কেট চত্বরে কৃষকদের মধ্যে বিনা মূল্যে সবজি বীজ বিতরণ ও গাছের চারা রোপণ শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। বীজ বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ কৃষক লীগ কোটালীপাড়া উপজেলা শাখার সভাপতি মুন্সী এবাদুল ইসলাম।